শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে চলমান শিক্ষার্থী আন্দোলনের পেছনে সরকারকে বিব্রত করার উদ্দেশ্যে একটি স্বার্থান্বেষী মহল সক্রিয় রয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
তিনি বলেন, আন্দোলনকারীদের অনেকেই প্রকৃত শিক্ষার্থী বা পরীক্ষার্থী নন। তারা নিজেদের পরিচয় গোপন করে বিভিন্ন ইস্যুতে ঘোলাপানিতে মাছ শিকারের চেষ্টা করছেন।
বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারকে বিব্রত করতে চায় এমন কিছু মহল তো আছেই। তারা নিজেদের পরিচয় গোপন করে বিভিন্ন ইস্যুতে ঘোলা পানিতে মাছ শিকারের চেষ্টা করছে।
দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে যে শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নিতে পারেনি, তাদের জন্য পুনরায় পরীক্ষার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়- এ তথ্য উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চট্টগ্রাম শিক্ষা বোর্ডের স্থগিত পরীক্ষাগুলো যখন অনুষ্ঠিত হবে, তখন এই শিক্ষার্থীরাও সেখানে অংশ নিতে পারবে।
পদার্থবিজ্ঞান পরীক্ষার প্রশ্নপত্রে ভুলের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শিক্ষা মন্ত্রণালয় এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করবে এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে ভুল হওয়া দুটি প্রশ্নের নম্বর পরীক্ষার্থীদের দিয়ে দেওয়ার সিদ্ধান্তও নেওয়া হয়েছে।
শিক্ষামন্ত্রীর একটি মন্তব্য নিয়ে শিক্ষার্থীদের ক্ষোভের প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, শিক্ষামন্ত্রী নিজেই সংসদে এ বিষয়ে দুঃখ প্রকাশ করেছেন। তাই এ নিয়ে আর নতুন করে কিছু বলার নেই।
শিক্ষার্থীদের এই আন্দোলনকে সরকার কীভাবে দেখছে- জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এগুলো আমরা খুব একটা গুরুত্বের সঙ্গে নিচ্ছি না। দুই-একটি জেলা এবং ঢাকার কয়েকটি স্পটে সীমিতসংখ্যক মানুষকে এ বিষয়ে কথা বলতে দেখা গেছে। মিডিয়ায় আসায় বিষয়টি বেশি আলোচনায় এসেছে।
শিক্ষার্থীদের সড়ক অবরোধে জনভোগান্তির বিষয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময় সচিবালয়ে গিয়ে দাবি আদায়, পরীক্ষা স্থগিত বা বিনা পরীক্ষায় পাসের মতো একটি ‘অপসংস্কৃতি’ তৈরি হয়েছিল। সেই প্রবণতার ধারাবাহিকতাই এখনো কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে।
তিনি আরও বলেন, আমরা শিক্ষার মান ক্ষুণ্ন হতে দেবো না। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা নিতে চাই। বাংলাদেশের শিক্ষার মান পুনরুদ্ধার করে জ্ঞানসমৃদ্ধ, প্রযুক্তিনির্ভর ও প্রতিযোগিতামূলক একটি জাতি গড়ে তুলতে চাই।
বিগত আওয়ামী লীগ সরকারের আমলের অটোপাস, অতিরিক্ত নম্বর দেওয়া এবং ঢালাওভাবে জিপিএ-৫ দেওয়ার সংস্কৃতির সমালোচনা করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এসবের কারণে শিক্ষার মান মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছিল। বর্তমান সরকার সেই পরিস্থিতি থেকে শিক্ষাব্যবস্থাকে বের করে আনতে কাজ করছে।
সম্প্রতি আন্দোলনে পুলিশের হামলার অভিযোগ এবং সামাজিক যোগাযোগমাধ্যমে পুরোনো ছবি ব্যবহার করে বিভ্রান্তি ছড়ানোর প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এগুলো স্পষ্টতই ডিসইনফরমেশন (অপতথ্য)। প্রকৃত ঘটনা, ছবি ও ভিডিও সবার সামনে রয়েছে। কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি তৈরির চেষ্টা করছে।
আন্দোলনের পেছনে কোনো রাজনৈতিক বা নিষিদ্ধ সংগঠনের সম্পৃক্ততা রয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পেছনে যেই থাকুক, সামনে তো আমরা আছি।
দেশবার্তা/একে