শিল্পখাতে দীর্ঘদিন ধরে চলা গ্যাস সংকট দ্রত সমাধানের ইতিবাচক আশ্বাস দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পুরোপুরি বন্ধ বা আংশিক ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর বর্তমান পরিস্থিতি এবং কোথায় কী ধরনের সহযোগিতা প্রয়োজন, সে বিষয়ে ব্যবসায়ীদের কাছ থেকে বিস্তারিত প্রতিবেদন চাওয়া হয়েছে।
বুধবার (২৯ জুলাই) সকালে সচিবালয়ে সরকারপ্রধানের সঙ্গে দেশের শীর্ষস্থানীয় ব্যবসায়ী ও উদ্যোক্তাদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে সাংবাদিকদের এসব তথ্য জানান বাংলাদেশ টেক্সটাইল মিলস অ্যাসোসিয়েশনের (বিটিএমএ) সভাপতি শওকত আজিজ রাসেল।
বিটিএমএ সভাপতি বলেন, টেক্সটাইল খাতের সার্বিক সংকট কাটাতে সরকারের এমন আন্তরিক পদক্ষেপে উদ্যোক্তারা নতুন করে উৎসাহ বোধ করছেন।
তিনি জানান, ক্ষতিগ্রস্ত কারখানাগুলোর সঠিক চিত্র তুলে ধরতে উদ্যোক্তাদের দ্রুততম সময়ে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সংকট সমাধানের বিষয়ে আশাবাদ ব্যক্ত করে শওকত আজিজ রাসেল বলেন, বর্তমান প্রধানমন্ত্রী টেক্সটাইল খাতের বাস্তব পরিস্থিতি গভীরভাবে বোঝার চেষ্টা করছেন। বিদ্যমান পরিস্থিতিতে সরকারের কাছ থেকে এখন যে মনোযোগ ও সহযোগিতা পাওয়া যাচ্ছে, তা যদি বিগত ১৭ বছর পাওয়া যেত- তবে শিল্পখাতের আজকের এই দুরবস্থা দেখতে হতো না।
বৈঠকে উপস্থিত ব্যবসায়ীরা জানান, গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত হলে দেশের টেক্সটাইলসহ সার্বিক রপ্তানিমুখী শিল্পখাত দ্রুত ঘুরে দাঁড়াতে সক্ষম হবে।
দেশবার্তা/একে