নির্দিষ্ট কোনো মামলা না থাকলে কাউকে শ্যোন অ্যারেস্ট, গ্রেপ্তার বা কোনো ধরনের হয়রানি করা যাবে না মর্মে হাইকোর্টের দেওয়া আদেশ স্থগিত করেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। একই সঙ্গে এই বিষয়ে জারি করা রুলটি আগামী চার সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২৯ জুলাই) প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগের বেঞ্চ এই আদেশ দেন।
আদালতে আজ রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। অন্যদিকে রিট আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী ব্যারিস্টার সারা হোসেন ও অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব।
এর আগে কয়েকজন ব্যক্তির এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট আদেশ দেন যে, কোনো ব্যক্তির বিরুদ্ধে নির্দিষ্ট মামলা না থাকলে তাকে শ্যোন অ্যারেস্ট, গ্রেপ্তার বা অন্য কোনোভাবে হয়রানি করা যাবে না।
একই সঙ্গে আবেদনকারীদের বারবার শ্যোন অ্যারেস্ট দেখানো এবং কেবল হয়রানি, অপমান ও নিপীড়নের উদ্দেশ্যে গুরুতর মিথ্যা মামলায় জড়ানোর পদক্ষেপ কেন আইনি কর্তৃত্ববহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না- তা জানতে চেয়ে রুল জারি করেছিলেন হাইকোর্ট।
পরবর্তী সময়ে হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন জানায় রাষ্ট্রপক্ষ। শুনানি শেষে আজ আপিল বিভাগ হাইকোর্টের সেই আদেশ স্থগিত করে দ্রুত রুল নিষ্পত্তির নির্দেশ দিলেন।
দেশবার্তা/একে