জুলাই গণঅভ্যুত্থান কোনো ব্যক্তি, রাজনৈতিক দল বা গোষ্ঠীর একক অর্জন নয়, বরং এটি সমগ্র জাতির অর্জন বলে মন্তব্য করেছেন সড়ক পরিবহন, সেতু, রেল ও নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, সরকার জুলাই সনদ বাস্তবায়নে পূর্ণ অঙ্গীকারবদ্ধ এবং এটি নিয়ে কোনো ধরনের অপরাজনীতির সুযোগ নেই।
বুধবার সকাল ১০টায় ঢাকা কলেজের শহীদ আ ন ম নজীব উদ্দিন খান খুররম অডিটরিয়ামে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বিগত ১৭ বছরের স্বৈরাচারবিরোধী আন্দোলন এবং জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মরণে ‘শাশ্বত জুলাই’ শীর্ষক এ আলোচনা সভার আয়োজন করে ঢাকা কলেজ শাখা ছাত্রদল।
মন্ত্রী শেখ রবিউল আলম বলেন, আমরা জুলাই সনদ বাস্তবায়নের অঙ্গীকার করেছি এবং এতে সই করেছি। যে সনদ বিএনপির অঙ্গীকার ছিল, তা বাস্তবায়নের দায়িত্ব জনগণ ভোটের মাধ্যমে আমাদের দিয়েছে। আমরা সংসদে সেই অঙ্গীকার প্রতিষ্ঠা করব। প্রধানমন্ত্রীর অঙ্গীকার নিয়ে অপরাজনীতি করার কোনো সুযোগ নেই।
জুলাই আন্দোলনের শিক্ষা তুলে ধরে তিনি বলেন, এই অভ্যুত্থান জাতিকে নতুনভাবে শানিত ও আত্মসংশোধনের শিক্ষা দিয়েছে। একই সঙ্গে ফ্যাসিবাদের পতন কীভাবে নিশ্চিত করতে হয়, সেটিও শিখিয়েছে। শিক্ষাপ্রতিষ্ঠান যে আগামী দিনের নেতৃত্ব তৈরির সূতিকাগার, জুলাই সেই বার্তাই দিয়েছে। ফ্যাসিবাদের পতন ঘটিয়ে কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠিত হয়েছে উল্লেখ করে তিনি এখন রাষ্ট্রকে আরও সমৃদ্ধ ও শক্তিশালী করার আহ্বান জানান।
বিএনপির রাজনৈতিক ভূমিকার কথা উল্লেখ করে সড়ক পরিবহনমন্ত্রী বলেন, দেশে জাতীয়তাবাদী শাসনব্যবস্থা প্রতিষ্ঠায় দলটি ১৭ বছর ধরে সংগ্রাম করেছে। মানুষের অধিকার হরণ কিংবা দেশ সংকটে পড়লেই বিএনপি জনগণের পক্ষে নেতৃত্ব দিয়েছে। ফলে মানুষ যখনই ভোটের সুযোগ পেয়েছে, বিএনপিকেই নির্বাচিত করেছে।
ঢাকা কলেজের ঐতিহ্য ও ভূমিকার প্রশংসা করে মন্ত্রী বলেন, দেশের গুরুত্বপূর্ণ অনেক দায়িত্বে আজ এ প্রতিষ্ঠানের সাবেক শিক্ষার্থীরা রয়েছেন। তিনি কলেজের বিভিন্ন সমস্যা সমাধানে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন।
ঢাকা কলেজ শাখা ছাত্রদলের আহ্বায়ক পিয়াল হাসানের সভাপতিত্বে ও সদস্যসচিব মিল্লাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস ও উপাধ্যক্ষ অধ্যাপক মোহাম্মদ আনোয়ার মাহমুদ। এতে ছাত্রদলের বর্তমান ও সাবেক নেতারা উপস্থিত ছিলেন।
দেশবার্তা/একে