দেশের ব্যাংকিং সেবাকে আরও অন্তর্ভুক্তিমূলক ও বৈষম্যহীন করার লক্ষ্যে এক অনন্য উদ্যোগ নিয়েছে প্রাইম ব্যাংক পিএলসি। সম্প্রতি সাভারে ‘এক্সেস টু এমপাওয়ারমেন্ট: অ্যাডভান্সিং ব্যাংকিং ফর পারসনস উইথ ডিজঅ্যাবিলিটিজ’ শীর্ষক একটি বিশেষ সেশনের মাধ্যমে দৃষ্টিপ্রতিবন্ধী গ্রাহকদের মাঝে চেকবই ও ডেবিট কার্ড বিতরণ করেছে ব্যাংকটি।
স্থানীয় সংগঠন ‘টিম ইনক্লুশন বাংলাদেশ’-এর সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচির মূল লক্ষ্য ছিল শারীরিক সীমাবদ্ধতা থাকা ব্যক্তিদের স্বাধীনভাবে আর্থিক লেনদেনের সক্ষমতা তৈরি করা। অনুষ্ঠানে উপস্থিত বেশ কয়েকজন বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তির জন্য তাৎক্ষণিকভাবে ব্যাংক অ্যাকাউন্ট খোলার সুবিধাও প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রাইম ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং হেড অব ফাইন্যান্সিয়াল ইনক্লুশন এম এম মাহবুব হাসান বলেন, সবার জন্য ব্যাংকিং সেবা সহজলভ্য করা আমাদের কোনো বিকল্প পছন্দ নয়, বরং এটি একটি নৈতিক দায়িত্ব। আমরা আমাদের সেবাগুলোকে সেভাবেই সাজাচ্ছি।
তিনি আরও জানান, দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য ব্রেইল পদ্ধতিতে আর্থিক সাক্ষরতা বই প্রকাশ করেছে প্রাইম ব্যাংক। এ ছাড়া নতুন শাখাগুলোতে হুইলচেয়ার ব্যবহারকারীদের জন্য বিশেষ ক্যাশ কাউন্টার এবং শ্রবণ ও বাকপ্রতিবন্ধী গ্রাহকদের জন্য ‘সাইন ল্যাঙ্গুয়েজ ভিডিও কল সার্ভিস’ চালু করা হয়েছে, যা ইতিমধ্যেই জাতীয় পর্যায়ে পুরস্কৃত হয়েছে।
টিম ইনক্লুশন বাংলাদেশের নির্বাহী পরিচালক মো. জহিরুল ইসলাম এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করে বলেন, প্রযুক্তি ও অবকাঠামোর সমন্বয়ে প্রাইম ব্যাংক ব্যাংকিং খাতে একটি অনুকরণীয় মানদণ্ড স্থাপন করেছে।
বাংলাদেশ ব্যাংকের আর্থিক অন্তর্ভুক্তি নির্দেশিকা অনুসরণ করে দেশের প্রতিটি নাগরিকের কাছে ব্যাংকিং সেবা পৌঁছে দিতে প্রাইম ব্যাংক তাদের এই উদ্ভাবনী কার্যক্রম চালিয়ে যেতে প্রতিশ্রুতিবদ্ধ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট কাজী রেশাদ মাহবুব এবং হেমায়েতপুর শাখার প্রধান মো. সাখাওয়াত হোসেন।
দেশবার্তা/একে