আগামী নির্বাচনকে অর্থবহ, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য করতে এখন থেকেই অন্তর্বর্তী সরকারকে তত্ত্বাবধায়ক সরকারের আদলে রূপ দেওয়ার পরামর্শ দিয়েছে বিএনপি। প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক শেষে এ কথা জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকের পর প্রেস ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।
তিনি বলেন, ২০২৬ সালের ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনকে অর্থবহ, নিরক্ষেপ ও সবার কাছে গ্রহণযোগ্য করে তোলার জন্য এই মুহূর্ত থেকে যেটা প্রয়োজন অন্তর্বর্তীকালীন সরকারকে এখন তত্ত্বাবধায়ক সরকারের আদলে নিতে হবে। অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকার ভূমিকায় তাদের যেতে হবে।
বিএনপি মহাসচিব বলেন, ‘নির্বাচনের আগে প্রশাসন যে নিরপেক্ষ হবে, জনগণকে তার ধারণা দেওয়া প্রয়োজন।’ সচিবালয়ে যাদের চিহ্নিত ফ্যাসিস্টদের দোসর বলা হয়, তাদের সরানোর দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব।
বিচার বিভাগে থাকা স্বৈরাচারের দোসরদের সরানো দাবি জানিয়ে মির্জা ফখরুল বলেন, ‘যদিও বিচারবিভাগের বিষয়, এরপরও ড. ইউনূস যেহেতু প্রধান উপদেষ্টা তাই বিষয়টি নিয়ে তাকে উদ্যোগ নিতে হবে।’
তিনি আরো বলেন, ‘পুলিশের যে নিয়োগ হচ্ছে, বিশেষ করে পদন্নোতি ও নতুন নিয়োগের ক্ষেত্রে অন্তর্বর্তী সরকারকে নিরপেক্ষ থাকতে বলেছি।
এর আগে সন্ধ্যা ৬টার পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে বসে বিএনপির প্রতিনিধি দল। বিএনপি মহাসচিবের নেতৃত্বে প্রতিনিধি দলে আরও ছিলেন- দলটির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সালাহউদ্দিন আহমদ।
দেশবার্তা/আরএইচ