ঠাকুরগাঁওয়ে বিশেষ চাহিদা সম্পন্ন, সুবিধাবঞ্চিত ও এতিম শিশুদের নিয়ে জেলার সাংস্কৃতিক অঙ্গনের অন্যতম পথিকৃৎ সংগঠন কর্নেট সাংস্কৃতিক সংসদ ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে। এ উপলক্ষে তিনদিনব্যাপী বিশেষ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
সংগঠনটির আয়োজনে মঙ্গলবার দুপুরে সদর উপজেলার মলানী এলাকার একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্র–এর দুই শতাধিক শিশুদের মধ্যে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। শিশুদের মধ্যে ছিলেন বিশেষ চাহিদা সম্পন্ন, সুবিধাবঞ্চিত এবং এতিমরা। এসময় উপস্থিত ছিলেন কর্নেট সাংস্কৃতিক সংসদের সহ সভাপতি বেগম আনার কলি, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম প্রবাল চৌধুরী, একতা প্রতিবন্ধী স্কুল ও পুনর্বাসন কেন্দ্রের পরিচালক আমিরুল ইসলাম এবং প্রতিষ্ঠানটির শিক্ষক ও শিক্ষার্থীরা।
সংগঠনের কর্মকর্তারা বলেন, শিশুদের জন্য এই ধরনের উদ্যোগ তাদের মানসিক, সামাজিক ও নৈতিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বেগম আনার কলি জানান, কর্নেট সাংস্কৃতিক সংসদ দীর্ঘদিন ধরে সাংস্কৃতিক ও সামাজিক উন্নয়নমূলক কাজ করে আসছে। এবার বিশেষ চাহিদা সম্পন্ন, এতিম ও সুবিধাবঞ্চিত শিশুদের নিয়ে কাজ করা হয়েছে। তিনি আশা প্রকাশ করেন, এই ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং শিশুদের মনোবল, শিক্ষা ও মানসিক বিকাশে সহায়ক হবে।
এর আগে রোববার বিকেলে শহরের টিএফসি রেস্টুরেন্টে সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকীর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় কর্নেট সাংস্কৃতিক সংসদের ভারপ্রাপ্ত সভাপতি এ বি এম সিদ্দিক বাবু সভাপতিত্ব করেন। প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক পয়গাম আলী। সভায় সংগঠনের ইতিবাচক কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।
কর্নেট সাংস্কৃতিক সংসদ ১৯৮২ সালে প্রতিষ্ঠিত হয়। এর পর থেকে সংগঠনটি দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে ঠাকুরগাঁওয়ের শিল্প, সাহিত্য ও সংস্কৃতিচর্চায় গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। সংগঠনটি শুধুমাত্র বিনোদনমূলক কার্যক্রমে সীমাবদ্ধ নয়; বরং সুস্থ ও সুন্দর সমাজ গঠনের পাশাপাশি তরুণ ও আগামী প্রজন্মকে অপসংস্কৃতি থেকে দূরে রেখে শুদ্ধ সংস্কৃতি চর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে কাজ করে যাচ্ছে।
শিক্ষক ও কর্মকর্তারা বলেন, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের প্রতি সামাজিক দায়বদ্ধতা প্রদর্শনের মাধ্যমে শিশুদের মানসিক বিকাশ ও সামাজিক সচেতনতা বৃদ্ধি করা সম্ভব। তাই কর্নেট সাংস্কৃতিক সংসদের এই ধরনের উদ্যোগ স্থানীয় সমাজে ইতিবাচক প্রভাব ফেলছে।
প্রতিনিধি/একে