দুই দিন আগে শুরু হওয়া যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানজুড়ে এখন পর্যন্ত ৫৫৫ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে ইরানিয়ান রেড ক্রিসেন্ট।
সোমবার টেলিগ্রামে দেওয়া এক পোস্টে সংস্থাটি জানায়, ‘আমাদের দেশের বিভিন্ন অঞ্চলে জায়নিস্ট-আমেরিকান সন্ত্রাসী হামলার পর এ পর্যন্ত ১৩১টি শহর ক্ষতিগ্রস্ত হয়েছে এবং দুঃখজনকভাবে আমাদের ৫৫৫ জন স্বদেশী নিহত হয়েছেন।’
সংস্থাটির তথ্যমতে, যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় এ পর্যন্ত দেশের ১৩১টি কাউন্টি ক্ষতিগ্রস্ত হয়েছে।
রেড ক্রিসেন্ট জানিয়েছে, তাদের মানবিক মিশনের নেতৃত্বে ত্রাণ কার্যক্রম নিরবচ্ছিন্নভাবে চলছে। ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধারকারী দল কাজ করছে এবং সারা দেশে এক লাখেরও বেশি স্বেচ্ছাসেবী পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে।
এ ছাড়া প্রায় ৪০ লাখ স্বেচ্ছাসেবকের একটি নেটওয়ার্ক মানবিক সেবা, সহায়তা ও মনোসামাজিক সমর্থন দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে বলেও জানানো হয়।
দেশবার্তা/একে