রংপুর অঞ্চলে হঠাৎ করেই দেখা দিয়েছে পেট্রোল ও অকটেনের তীব্র সংকট। বুধবার (২৫ মার্চ) দুপুর পর্যন্ত রংপুর মহানগরীসহ এই অঞ্চলের পাঁচ জেলার অধিকাংশ ফিলিং স্টেশনে ‘তেল নেই’ সংবলিত নোটিশ ঝুলতে দেখা গেছে। জ্বালানি তেলের এই অনিশ্চয়তায় চরম ভোগান্তিতে পড়েছেন মোটরসাইকেল চালকসহ সাধারণ পরিবহন মালিকরা।
সরেজমিনে রংপুর মহানগরের বিভিন্ন পেট্রোল পাম্প ঘুরে দেখা যায়, পাম্পের প্রবেশপথে কালো কাপড় মুড়িয়ে বা সাইনবোর্ডে ‘পেট্রোল ও অকটেন নেই’ লিখে রাখা হয়েছে।
ফিলিং স্টেশন কর্তৃপক্ষ দাবি করছে, মঙ্গলবার থেকে ডিপো থেকে কোনো জ্বালানি সরবরাহ করা হয়নি। কবে নাগাদ সরবরাহ স্বাভাবিক হবে, সে বিষয়েও ডিপো কর্তৃপক্ষ নিশ্চিত করে কিছু বলছে না।
অনেক ট্যাংক-লরি দুই দিন ধরে ডিপোতে অপেক্ষায় থাকলেও তেল পাচ্ছে না বলে অভিযোগ পাম্প মালিকদের।
সালেক পাম্পে তেল নিতে আসা সুকুমার, রাব্বি হোসেন ও জুলফিকার আলীসহ একাধিক চালক জানান, শহরের হাতেগোনা যে দু-একটি পাম্পে তেল পাওয়া যাচ্ছে, সেখানে উপচে পড়া ভিড়। দীর্ঘ দুই-তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও অনেকে তেল না পেয়ে ফিরে যাচ্ছেন।
ভুক্তভোগীদের অভিযোগ, পাম্পগুলোতে তেল নেই বলা হলেও খোলা বাজারে চড়া মূল্যে ঠিকই তেল বিক্রি হচ্ছে।
রংপুর অঞ্চলের বাইক চালকদের দাবি, দেশে জ্বালানি তেলের মজুদ পরিস্থিতি নিয়ে সরকারের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা আসা প্রয়োজন। সংকট থাকলে সেটিও আনুষ্ঠানিকভাবে জানানো হোক। পাম্প কর্তৃপক্ষের এই ‘তেল আছে-তেল নেই’ লুকোচুরি বন্ধ করে দ্রুত সরবরাহ স্বাভাবিক করার দাবি জানিয়েছেন তারা।
অন্যথায় এই কৃত্রিম সংকটের সুযোগ নিয়ে কালোবাজারি আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন সচেতন মহল।
প্রতিনিধি/একে