টাইমস অব ইসরায়েলের প্রতিবেদনে জানানো হয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলীয় বন্দরশহর হাইফার একটি আবাসিক ভবনে আঘাত হেনেছে ইরান থেকে নিক্ষিপ্ত একটি ক্ষেপণাস্ত্র। এতে নিহত হয়েছেন ২ জন এবং আহত হয়েছেন আরও ১১ জন। ইসরায়েলের ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস হাইফা শাখার বরাত দিয়ে প্রকাশিত প্রতিবেদনে আরো বলা হয়, নিহতের সংখ্যা আরও বাড়তে পারে; কারণ, এখনও ২ জন নিখোঁজ আছেন।
জানা গেছে, গতকাল রোববার বিকেলে হাইফার আবাসিক এলাকায় একটি ৫ তলা ভবনে আঘাত হানে একটি ইরানি ক্ষেপণাস্ত্র। এত ১১ জন আহত হন এবং ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েন আরও ৪ জন।
ক্ষেপণাস্ত্রের আঘাতের অল্প সময়ের মধ্যে আগুন নেভানো এবং উদ্ধার তৎপরতা শুরু করে ফায়ার অ্যান্ড রেসকিউ সার্ভিস। উদ্ধারকারী বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, আহতদের উদ্ধার করে ইসরায়েলের সরকারি চিকিৎসা পরিষেবা কেন্দ্র মাগেন ডেভিড অ্যাডম (এমডিএ)-এর হাইফা শাখায় পাঠানো হয়েছে।
এছাড়া নিখোঁজ ৪ জনকে উদ্ধারে রোববার রাতভর অভিযান চালিয়ে ধ্বংস্তূপের ভেতর থেকে ২ জনকে মৃত অবস্থায় উদ্ধার করেছেন উদ্ধারকর্মীরা। বাকি ২ জনকে উদ্ধারে এখনও তৎপরতা চলছে।
ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর তথ্য অনুসারে, রোববার ইরান থেকে নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্রটির ওয়্যারহেডের ওজন ছিল ৪৫০ কেজি।
দেশবার্তা/এসবি