ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে একটি মানসম্মত উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত প্রথম উপাচার্য শিক্ষাবিদ ও নাট্যব্যক্তিত্ব ড. ইসরাফিল শাহীন।
তিনি বলেছেন, উপাচার্য হওয়াটা একটি কঠিন দায়িত্বভার, এতে আমি কোনো আত্মগৌরব অনুভব করি না। সকলের সহযোগিতায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে একটি মানসম্মত উচ্চশিক্ষা প্রতিষ্ঠানের রূপ দিতে চাই। কারণ ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় হবে উত্তরাঞ্চলের জ্ঞান ও সম্ভাবনার আলোকবর্তিকা।
মঙ্গলবার (১৯ মে) ঠাকুরগাঁও প্রেসক্লাবের আধুনিক হলরুমে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় উপাচার্য এসব কথা বলেন।
মতবিনিময় সভায় ড. ইসরাফিল শাহীন বলেন, বর্তমান সরকারের উদ্যোগে ঠাকুরগাঁও জেলায় শিক্ষা, চিকিৎসা, যোগাযোগ ও শিল্পায়নের নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে। বিশেষ করে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা, মেডিকেল কলেজ স্থাপন, বিমানবন্দর চালুর উদ্যোগ এবং ইপিজেড গঠনের পরিকল্পনা এ অঞ্চলের মানুষের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।
ঠাকুরগাঁও এখন একটি নতুন সকালের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছে উল্লেখ করে উপাচার্য বলেন, এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে এবং সেই স্বপ্ন পূরণে বিশ্ববিদ্যালয় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সভায় স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভূয়সী প্রশংসা করে উপাচার্য তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বলেন, ঠাকুরগাঁওয়ের মানুষের সঙ্গে মন্ত্রীর রয়েছে গভীর আত্মিক সম্পর্ক এবং তাঁর আন্তরিক প্রচেষ্টার কারণেই এ অঞ্চলে উন্নয়নের নতুন ধারা সূচিত হয়েছে। তিনি আমার ওপর আস্থা রেখেছেন ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার কাজ করার জন্য। সম্ভবত তাঁরই পরামর্শে বর্তমান সরকারের প্রধানমন্ত্রী আমাকে এই বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য হিসেবে নিয়োগ দিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের সার্বিক উন্নয়নে গণমাধ্যমের ভূমিকার কথা উল্লেখ করে উপাচার্য সাংবাদিকদের উদ্দেশে বলেন, ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে গণমাধ্যমের গঠনমূলক সমালোচনা, মতামত ও পরামর্শ অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও সুনাম রক্ষায় সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
ঠাকুরগাঁও প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফর রহমান মিঠুর সভাপতিত্বে মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন প্রবীণ সাংবাদিক আব্দুল লতিফ ও জাকির মোস্তাফিজসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
উল্লেখ্য, গত ৭ মে ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের প্রথম ভাইস চ্যান্সেলর (উপাচার্য) হিসেবে দায়িত্ব গ্রহণ করেন ড. ইসরাফিল শাহীন। দায়িত্ব নেওয়ার পর বিশ্ববিদ্যালয়ের প্রাথমিক প্রশাসনিক কার্যক্রম ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। আগামী ২০২৬-২৭ শিক্ষাবর্ষ থেকেই সীমিত পরিসরে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক বা শিক্ষা কার্যক্রম শুরু করার প্রস্তুতি চলমান রয়েছে বলে জানা গেছে।
দেশবার্তা/একে