নাটোরের সিংড়ায় ট্রাকচাপায় জীবন রহমান, মুক্তার হোসেন হিরা ও সাইফুল ইসলাম নামে মোটরসাইকেল আরোহী তিন যুবকের মৃত্যু হয়েছে। সোমবার সকালে নাটোর-বগুড়া মহাসড়কের আমতলী ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- সদর উপজেলার ইসলামবাড়ী গ্রামের মোতালেব হোসেনের ছেলে মুক্তার হোসেন হিরা, লালপুর উপজেলার সাজেদুর রহমানের ছেলে জীবন রহমান এবং সদর উপজেলার উত্তর আলাইপুর এলাকার তয়ব আলীর ছেলে সাইফুল ইসলাম।
ঝলমলিয়া হাইওয়ে থানার ওসি মাহাবুর রহমান জানান, নাটোর থেকে তিন মামাতো-ফুপাতো ভাই একটি মোটরসাইকেলে করে সিংড়ার দিকে যাচ্ছিলেন। পথে নাটোর-বগুড়া মহাসড়কের আমতলী ব্রিজ এলাকায় বিপরীত দিক থেকে আসা আমবোঝাই একটি মিনিট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই জীবন রহমান ও মুক্তার হোসেন হিরার মৃত্যু হয়। এ সময় গুরুতর আহত হন সাইফুল ইসলাম।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ দুটি উদ্ধার করে। ফায়ার সার্ভিসের সদস্যরা আহত সাইফুলকে উদ্ধার করে নাটোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক সাইফুল ইসলামকে মৃত ঘোষণা করেন।
ওসি মাহাবুর রহমান আরও জানান, এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
অপরদিকে, রোববার রাতে একই উপজেলার পাঙ্গাসিয়া বাজার এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আসমা খাতুন নামে এক নারীর মৃত্যু হয়েছে।
প্রতিনিধি/আরএইচ