কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলায় দরিদ্র ও প্রান্তিক মানুষের আয় বাড়াতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্স কর্মসূচি (দাবি)-এর আওতায় উপকারভোগীদের মধ্যে হাঁসের বাচ্চা বিতরণ করা হয়েছে। এর আগে এই কর্মসূচির অংশ হিসেবে উপকারভোগীদের হাঁস পালন বিষয়ক প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া হয়।
বুধবার দুপুরে করিমগঞ্জ ব্র্যাক শাখা কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এই প্রশিক্ষণ ও হাঁসের বাচ্চা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ২০ জন উপকারভোগীর প্রত্যেককে ২০টি করে হাঁসের বাচ্চা দেওয়া হয়েছে। বিতরণের আগে তাঁদের হাঁস পালন, যত্ন নেওয়া ও বিভিন্ন রোগ প্রতিরোধ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হয়।
ব্র্যাক করিমগঞ্জ শাখার ব্যবস্থাপক মোবারক হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (করিমগঞ্জ) এলাকার এলাকা ব্যবস্থাপক (দাবি) মো. জুলহাস উদ্দিন।
আরও উপস্থিত ছিলেন ব্র্যাকের আঞ্চলিক সমন্বয়কারী মো. বাছির উদ্দিন, সিনিয়র শাখা ব্যবস্থাপক মো. মোবারক হোসেন এবং সম্প্রসারণ কর্মকর্তা নাজমুল হাসানসহ অন্যান্য কর্মকর্তারা।
সংক্ষিপ্ত আলোচনা সভা শেষে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের হাতে হাঁসের বাচ্চা তুলে দেন। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্র্যাকের কর্মী ও সুধীজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, হাঁস পালন গ্রামীণ জনপদের দরিদ্র ও প্রান্তিক পরিবারগুলোর জন্য বাড়তি আয়ের একটি চমৎকার ও টেকসই উপায় হতে পারে। অল্প পুঁজিতে ও সহজ উপায়ে হাঁস পালন করে গ্রামীণ নারীরাও নিজেদের স্বাবলম্বী করে তুলতে পারেন।
ব্র্যাকের এই সময়োপযোগী উদ্যোগ স্থানীয় প্রান্তিক মানুষের স্বাবলম্বী হতে এবং গ্রামীণ অর্থনীতিকে সচল রাখতে ইতিবাচক ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।
প্রতিনিধি/একে