নারীদের স্নাতক (পাস ও সম্মান) পর্যায় পর্যন্ত বিনা খরচে পড়াশোনার সুযোগ নিশ্চিত করতে নতুন বাজেটে প্রস্তাব রাখা হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা।
শুক্রবার (১২ জুন) দুপুরে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। শিক্ষা ক্ষেত্রে উৎকর্ষতা সহায়তা কর্মসূচির আওতায় সেখানে বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনী ধারণা প্রদর্শনী এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী আফরোজা খানম রিতা বলেন, দেশের সার্বিক উন্নয়নে নারী শিক্ষার কোনো বিকল্প নেই। একজন শিক্ষিত নারীই একটি শিক্ষিত ও সমৃদ্ধ সমাজ গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন। এই ভাবনা থেকেই নারীদের স্নাতক পর্যন্ত বিনা খরচে পড়াশোনার সুযোগ দেওয়ার প্রস্তাব এবারের বাজেটে রাখা হয়েছে।
শিক্ষা খাতের উন্নয়নে সরকারের অগ্রাধিকারের কথা উল্লেখ করে বিমানমন্ত্রী আরও বলেন, দেশের শিক্ষা খাতকে আরও আধুনিক ও শক্তিশালী করতে এবারের বাজেটে ১ লাখ ৩৬ হাজার ৬০৬ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
প্রদর্শনীতে অংশ নেওয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমরা আজ যে বিজ্ঞানভিত্তিক প্রকল্প ও উদ্ভাবনী ধারণা উপস্থাপন করেছ, সেগুলোকে শুধু মেলার মধ্যেই সীমাবদ্ধ না রেখে বাস্তবে রূপ দিতে হবে। নতুন চিন্তা ও উদ্ভাবনের মাধ্যমেই আগামী দিনে দেশ এগিয়ে যাবে।
সাটুরিয়া উপজেলা প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই প্রদর্শনীতে উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়। মেলায় বিজ্ঞান, প্রযুক্তি, কৃষি ও পরিবেশবিষয়ক নানা উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করে খুদে বিজ্ঞানীরা। অতিথিরা বিভিন্ন স্টল ঘুরে দেখেন এবং শিক্ষার্থীদের সৃজনশীল প্রচেষ্টার ভূয়সী প্রশংসা করেন।
অনুষ্ঠান শেষে প্রতিযোগিতায় অংশ নেওয়া বিভিন্ন ক্যাটাগরিতে শ্রেষ্ঠ বিদ্যালয়, শ্রেষ্ঠ শিক্ষক এবং বিভিন্ন বিভাগে বিজয়ী শিক্ষার্থী ও দলের সদস্যদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
বক্তারা আশা প্রকাশ করেন, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের সৃজনশীলতার বিকাশ ও গবেষণামুখী শিক্ষা বিস্তারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মানিকগঞ্জের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম। এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/একে