পিরোজপুরে বকেয়া বিদ্যুৎ বিল আদায় কার্যক্রম পরিচালনার সময় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ এবং দায়িত্ব পালনে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদ জানিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি), পিরোজপুর জেলা নির্বাহী কমিটি।
সূত্রে জানা যায়, সম্প্রতি জেলার জিয়ানগর উপজেলার পত্তাশী ইউনিয়নের কালাইয়া গ্রাম, পিরোজপুর সদর উপজেলার ধূলিয়ারী গ্রাম এবং কাউখালী উপজেলার চিরাপাড়া গ্রামে বকেয়া বিদ্যুৎ বিল আদায়ের সময় পৃথক কয়েকটি অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হয়।
আইডিইবি পিরোজপুর জেলা শাখার সভাপতি প্রকৌশলী কাজী মুজিবুর রহমান এবং সাধারণ সম্পাদক সৈয়দ মো. মহসিনুল ইসলাম এক যৌথ বিবৃতিতে বলেন, পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা সরকারের রাজস্ব আদায়ের অংশ হিসেবে নিয়মিত দায়িত্ব পালন করেন। দায়িত্ব পালনের সময় তাদের ওপর হামলা, হুমকি কিংবা কাজে বাধা সৃষ্টি করা অত্যন্ত নিন্দনীয়।
তারা বলেন, এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি হলে রাজস্ব আদায় কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি বিদ্যুৎ সেবার মানও ক্ষতিগ্রস্ত হতে পারে। বিবৃতিতে সম্প্রতি সংঘটিত ঘটনাগুলোর সঙ্গে জড়িত প্রকৃত দোষীদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।
স্থানীয় সূত্রের দাবি, জিয়ানগর উপজেলার পত্তাশী ইউনিয়নে বকেয়া বিদ্যুৎ বিল আদায়ে গেলে পল্লী বিদ্যুতের কর্মীদের সঙ্গে কয়েকজনের বাকবিতণ্ডা হয়। এ সময় তাদের হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ ওঠে।
এ বিষয়ে সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ কর্মকর্তারা জানান, নিয়মিত দায়িত্ব পালনের অংশ হিসেবে তারা বকেয়া বিল আদায় কার্যক্রম পরিচালনা করছিলেন। তবে অভিযানের সময় অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়।
অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট অভিযুক্তদের বক্তব্য নেওয়ার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
এদিকে ঘটনাটি নিয়ে স্থানীয় পর্যায়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে। নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, এ ধরনের ঘটনা সরকারি সেবা কার্যক্রমের স্বাভাবিক পরিবেশ এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভাবমূর্তির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
প্রতিনিধি/আরএইচ