বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মো. মোবারক হুসাইন বলেছেন, “জুলাই নিয়ে কোনো ষড়যন্ত্র জাতি বরদাশত করবে না। দ্রুত জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। জুলাইয়ে নিহত শহীদদের রাষ্ট্রীয় মর্যাদা দিতে হবে এবং আন্দোলনে আহতদের চিকিৎসার ব্যবস্থা করতে হবে। ৩৬ জুলাইকে চিরদিনের জন্য স্মরণীয় করে রাখার ব্যবস্থা করতে হবে।”
শনিবার (৪ জুলাই) বিকেলে মাগুরার ঐতিহাসিক নোমানী ময়দানে গণমিছিল-পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে ১১ দলীয় জোটের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে শনিবার বিকেলে ঐতিহাসিক নোমানী ময়দান থেকে একটি গণমিছিল বের হয়। মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে ভায়না মোড়ে গিয়ে শেষ হয়।
গণমিছিল-পূর্ব সমাবেশে জেলা জামায়াতে ইসলামীর ভারপ্রাপ্ত আমীর অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চুর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. মোবারক হুসাইন।
জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি মাওলানা মারুফ কারখীর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন জেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও কেন্দ্রীয় মজলিসে শুরার সদস্য আলহাজ আব্দুল মতিন, মাগুরা পৌর জামায়াতের আমীর অধ্যাপক আশরাফুল আলম, শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাগুরা জেলা সভাপতি ও শালিখা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মো. ইব্রাহিম বিশ্বাস, জেলা জামায়াতে ইসলামীর শুরা সদস্য, মাগুরা সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ও সদর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফারুক হুসাইন, সাবেক ছাত্রনেতা ও ব্যাংকার মো. মাসুদুল আলম, সাবেক ছাত্রনেতা বি. এম. এরশাদুল্লাহ অহিদ, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের মাগুরা জেলা সভাপতি মো. জুবায়ের হোসেন এবং অ্যাডভোকেট আজমত হুসাইনসহ অন্যরা।
প্রতিনিধি/আরএইচ