ময়মনসিংহে বিভাগীয় স্টেডিয়াম ও বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) স্থাপনের লক্ষ্যে সম্ভাব্য দুটি স্থান পরিদর্শন করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
শনিবার (৪ জুলাই) দুপুরে নগরীর আকুয়া বাইপাসসংলগ্ন বাদেকল্পা ও উজান বাড়েরা এলাকায় সম্ভাব্য স্থান দুটি পরিদর্শন করা হয়।
পরিদর্শনকালে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৪ (সদর) আসনের সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ, ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক রুকুনোজ্জামান রোকন, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আজিমুদ্দিন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) সৈয়দা তামান্না হুরায়রা এবং জেলা ক্রীড়া সংস্থার সদস্যসচিব একেএম মাহাবুবুল আলম।
এ সময় স্থান দুটির যোগাযোগব্যবস্থা, ভূমি ব্যবস্থাপনা, ব্যয়-সংকোচন নীতির সঙ্গে সামঞ্জস্য এবং অনুন্নত এলাকার উন্নয়নের সম্ভাবনা পর্যালোচনা করা হয়।
ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান জানান, বাইপাস সড়কের ক্যান্টনমেন্ট গেটসংলগ্ন দুটি স্থানে বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি স্থাপনের প্রাথমিক পরিকল্পনা রয়েছে। তিনি বলেন, সরকারের ব্যয়-সংকোচন নীতি অনুসরণ করেই প্রকল্প বাস্তবায়নের কাজ এগিয়ে নেওয়া হবে।
ময়মনসিংহ সিটি করপোরেশনের প্রশাসক বলেন, বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপির পাশাপাশি একটি পার্ক ও নিরাময় কেন্দ্র স্থাপনের উদ্যোগও রয়েছে। এতে অনুন্নত এলাকার উন্নয়ন ত্বরান্বিত হবে এবং স্থানীয় মানুষের জীবনমানের উন্নয়ন ঘটবে।
এ বিষয়ে সংসদ সদস্য আবু ওয়াহাব আকন্দ ওয়াহিদ বলেন, আন্তর্জাতিক মানের বিভাগীয় স্টেডিয়াম ও বিকেএসপি প্রতিষ্ঠিত হলে ময়মনসিংহ অঞ্চলের ক্রীড়া প্রতিভা বিকাশে নতুন দিগন্ত উন্মোচিত হবে। পাশাপাশি জাতীয় পর্যায়ে খেলাধুলার উন্নয়নেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রতিনিধি/আরএইচ