নওগাঁ সদর উপজেলায় কৃষি উৎপাদন বৃদ্ধি এবং প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের সহায়তায় পৃথক দুটি সরকারি কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ২০২৫-২৬ অর্থবছরের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন (উফশী), গ্রীষ্মকালীন পেঁয়াজ, গ্রীষ্মকালীন শাকসবজি, এয়ার ফ্রেশ (Air Fresh) ও বৃক্ষরোপণ কর্মসূচির জন্য কৃষকদের মাঝে বীজ, চারা, সার ও অন্যান্য কৃষি উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৫ আসনের সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু।
সভাপতিত্ব করেন নওগাঁ সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ। স্বাগত বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মনিরুল ইসলাম।
সোমবার (৬ জুলাই) নওগাঁ সদর উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, নওগাঁ সদর।
এদিকে একই দিনে উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও অসহায় মানুষের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়। এ কর্মসূচিতেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মো. জাহিদুল ইসলাম ধলু। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. শাহীন মাহমুদ।
বক্তারা বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকারের ধারাবাহিক উদ্যোগের অংশ হিসেবে এসব কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
কর্মসূচিতে উপকারভোগী কৃষক ও ক্ষতিগ্রস্ত পরিবারগুলো সরকারের এ সহায়তামূলক উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
প্রতিনিধি/আরএইচ