খাগড়াছড়ির পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (৬ জুলাই) দুপুরে পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, দুপুরে উপজেলার চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গলপাড়া এলাকায় দুপক্ষের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এই সংঘর্ষের সূত্রপাত হয়। একপর্যায়ে দুপক্ষই একে অপরকে লক্ষ্য করে গুলিবর্ষণ শুরু করে। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। তবে নিহতরা কোন সংগঠনের সদস্য এবং তাদের নাম-পরিচয় কী, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ওসি মো. ফেরদৌস ওয়াহিদ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত এলাকায় রওনা হয়েছে এবং মরদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে। এই ঘটনার পেছনে কারা জড়িত এবং কী কারণে এই সংঘর্ষ, তা খতিয়ে দেখতে তদন্ত করেছে পুলিশ।
দেশবার্তা/একে