‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোরেলগঞ্জে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৬ জুলাই) দুপুর ১২টায় উপজেলা প্রশাসন ও বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড (বিআরডিবি) মোরেলগঞ্জের যৌথ আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় উপজেলা চত্বরে এসে শেষ হয়। র্যালিতে নেতৃত্ব দেন বাগেরহাট-৪ (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম।
পরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম।
অনুষ্ঠানের শুরুতে দিবসের প্রতিপাদ্যের ওপর স্বাগত বক্তব্য রাখেন উপজেলা বিআরডিবি কর্মকর্তা দিপিকা তরফদার। এছাড়া বক্তব্য দেন উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহ আলম বাবুল, পৌর জামায়াতে ইসলামীর আমির রফিকুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা জাহিদুল ইসলাম, সাংবাদিক গণেশ পাল, পল্লী উন্নয়ন সমিতির সহ-সভাপতি শহিদুল ইসলামসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম বলেন, “দেশের টেকসই উন্নয়নের মূল ভিত্তি হলো গ্রাম। পল্লী অঞ্চলকে আধুনিক ও উন্নত করা গেলে দেশের সামগ্রিক উন্নয়ন আরও গতিশীল হবে। গ্রামের পরিবর্তনের মাধ্যমেই সমাজ ও রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তন সম্ভব। এজন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে পল্লী উন্নয়নে কাজ করতে হবে।”
তিনি জাতীয় পল্লী উন্নয়ন দিবসের চেতনা বাস্তবায়নে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি ও সাধারণ জনগণকে একযোগে কাজ করার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, পল্লী উন্নয়ন সমিতির সদস্য এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
প্রতিনিধি/আরএইচ