'গাছ লাগান, পরিবেশ বাঁচান'—এই স্লোগানকে সামনে রেখে মাগুরার দুটি স্বেচ্ছাসেবী সংগঠনের যৌথ উদ্যোগে ফরিদপুরের মধুখালী থেকে ভাটিয়াপাড়া রেললাইনের দুই পাশে ব্যতিক্রমী উপায়ে খেজুরের বীজ বপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে মধুখালী রেলগেটসংলগ্ন বীর মুক্তিযোদ্ধা শহীদ ওহিদ চত্বরে শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থা ও মাগুরা জেলা জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটি আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সভাপতি শেখ মো. আব্দুল্লাহ।
প্রধান অতিথি হিসেবে কর্মসূচির উদ্বোধন করেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুব এলাহী, মাগুরা জেলা জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির সভাপতি ও সাংবাদিক মো. সাইফুল্লাহ, উপজেলা সমাজসেবা কর্মকর্তা কল্লোল সাহা, মধুখালী রেলস্টেশন মাস্টার মো. কাওছার মাহমুদ, ফরিদপুর চিনিকলের সাবেক কৃষি কর্মকর্তা মো. নজরুল ইসলাম, শ্রীপুর উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংস্থার সহসভাপতি মিরান্নাহার, সাংগঠনিক সম্পাদক কাজী তকিবুল ইসলাম, জেলা জীববৈচিত্র্য ও বন্যপ্রাণী সংরক্ষণ কমিটির প্রচার সম্পাদক ও সাংবাদিক আব্দুর রশিদ মোল্লা, উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা গোলাম কুদ্দুস মল্লিক, ইঞ্জিনিয়ার কামরুল ইসলাম, মো. মকবুল হোসেন, কমিটির অন্যতম সদস্য, বিশিষ্ট সমাজসেবক ও শ্রমিক নেতা মো. হামিদুল ইসলাম মল্লিকসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ, জীববৈচিত্র্য রক্ষা এবং বন্যপ্রাণী ও পাখির জন্য প্রাকৃতিক খাদ্যের উৎস সৃষ্টি করাই এ কর্মসূচির মূল উদ্দেশ্য। এ লক্ষ্যে মধুখালী থেকে ভাটিয়াপাড়া পর্যন্ত রেললাইনের উভয় পাশে পর্যায়ক্রমে খেজুরের বীজ বপন করা হবে। ভবিষ্যতে এসব গাছ বড় হয়ে ফল দিলে বন্যপ্রাণী ও পাখির খাদ্যের জোগান বাড়বে। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা এবং এলাকার সবুজায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা রওশনা জাহান বলেন, “ফরিদপুর যেমন আখের গুড়ের জন্য সুপরিচিত, তেমনি ভবিষ্যতে খেজুরের রস ও খেজুরের গুড় উৎপাদনেও এ অঞ্চল সুনাম অর্জন করবে বলে আমি আশাবাদী।” তিনি পরিবেশ রক্ষায় সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠান শেষে অতিথিরা রেললাইনের দুই পাশে খেজুরের বীজ বপনের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। কর্মসূচিটির সার্বিক তদারকি করেন সিনিয়র সাংবাদিক শাহজাহান হেলাল।
সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে খেজুরের বীজ বপন কর্মসূচির সমাপ্তি ঘোষণা করা হয়।
প্রতিনিধি/আরএইচ