বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট মো. আতিকুর রহমান বলেছেন, "ন্যায় ও ইনসাফের ভিত্তিতে দেশের শ্রমনীতি ঢেলে সাজাতে হবে। তা না হলে শ্রমিকদের নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।"
শুক্রবার (১০ জুলাই) বিকেলে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাগুরা জেলা শাখার উদ্যোগে ঐতিহাসিক মাগুরা অডিটোরিয়ামে অনুষ্ঠিত ষাণ্মাসিক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, "প্রবাসী শ্রমিকদের ন্যায্য সম্মান দিতে হবে। দেশের গার্মেন্টস শ্রমিকদের রাষ্ট্র যথাযথ মর্যাদা দিচ্ছে না। বিশেষ করে নারী শ্রমিকদের উপযুক্ত মর্যাদা নিশ্চিত করতে হবে। এবারের বাজেটে শ্রমিকদের কল্যাণে কোনো শ্রমবান্ধব বরাদ্দ নেই। অথচ নারী কার্ড, কৃষক কার্ডের নামে নানা কর্মসূচি নেওয়া হচ্ছে।"
অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, "বাম ধারার শ্রমিক আন্দোলনের পরিবর্তে নতুন ধারার শ্রমিক আন্দোলন গড়ে তুলতে হবে। সেই আন্দোলন হবে ন্যায়, সততা ও ইসলামী আদর্শভিত্তিক শ্রমিক আন্দোলন, যা আমাদের নেতা মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর দেখানো আদর্শ অনুসরণ করবে।"
শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাগুরা জেলা সভাপতি মো. ইব্রাহিম বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি ও যশোর-কুষ্টিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক মো. আক্তারুজ্জামান, যশোর-কুষ্টিয়া অঞ্চলের শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপদেষ্টা জননেতা আব্দুল মতিন, ফেডারেশনের মাগুরা জেলা প্রধান উপদেষ্টা অধ্যাপক মাওলানা সাইদ আহমেদ বাচ্চু এবং ফেডারেশনের সহকারী অঞ্চল পরিচালক অধ্যাপক মশিউর রহমান।
শ্রমিক কল্যাণ ফেডারেশনের মাগুরা জেলা সাংগঠনিক সম্পাদক মো. ফিরোজ মাহমুদের সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য দেন সাবেক ছাত্রনেতা ও আগামী মাগুরা পৌরসভা নির্বাচনে মেয়র পদপ্রার্থী মো. মাসুদুল আলম, আগামী মাগুরা সদর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা অ্যাডভোকেট আসমত হুসাইন, মহম্মদপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী সাবেক ছাত্রনেতা বি. এম. এরশাদুল্লাহ অহিদ, ফেডারেশনের জেলা অন্যতম উপদেষ্টা মাওলানা মারুফ কারখী, শ্রীপুর উপজেলা প্রধান উপদেষ্টা অধ্যাপক মাওলানা ফখরুদ্দিন মিজান, সদর উপজেলা প্রধান উপদেষ্টা ও আগামী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী অধ্যাপক ফারুক হুসাইন, মহম্মদপুর উপজেলা প্রধান উপদেষ্টা মাওলানা নূর আহমেদ এবং মাগুরা পৌরসভার সহকারী উপদেষ্টা মাওলানা ফারুক আহমেদসহ ফেডারেশনের জেলা ও উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।
সমাবেশে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার শ্রমিক নেতৃবৃন্দসহ প্রায় ৫০০ শ্রমিক উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/আরএইচ