জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উদ্যোগে নাটোরে জুলাই পদযাত্রা ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) বিকেলে শহরের আলাইপুর এলাকা থেকে দলীয় নেতাকর্মীরা পদযাত্রা শুরু করেন। পদযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মাদ্রাসা মোড় এলাকার স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়। পরে সেখানে একটি পথসভা অনুষ্ঠিত হয়।
পথসভায় বক্তব্যে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, "চট্টগ্রামসহ দেশের বন্যাকবলিত এলাকার মানুষের পাশে দাঁড়াতে সরকার জরুরি অবস্থা জারি করে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুক।"
তিনি আরও বলেন, "আগামী দিনের লড়াই কোনো মার্কার লড়াই হবে না; এ লড়াই হবে ন্যায় ও অন্যায়ের লড়াই। আগামী দিনের লড়াই কোনো দলের লড়াই হবে না; এটি হবে জালিম ও মজলুমের লড়াই। এটি পুরোনো বন্দোবস্ত রক্ষার লড়াই নয়; বরং শাসক ও শোষিতের মধ্যকার লড়াই।"
পথসভায় উপস্থিত ছিলেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, দলের যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার, কুড়িগ্রাম-২ আসনের সংসদ সদস্য আতিক মুজাহিদ, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ইমরান ইমন, নাটোর জেলা এনসিপির আহ্বায়ক আব্দুল মান্নাফসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
প্রতিনিধি/আরএইচ