গাইবান্ধা সদর উপজেলার কিশামত বালুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে শুক্রবার (১০ জুলাই) বিকেলে দু'দিনব্যাপী গ্রামবাংলার ঐতিহ্যবাহী পাতা খেলার ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। খেলাটি উপভোগ করতে কয়েকটি ইউনিয়ন, শহরসহ বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার দর্শক মাঠে উপস্থিত হন।
প্রকৌশলী শামীম প্রামানিক বাদলের সার্বিক সহযোগিতায় স্থানীয় যুবসমাজের উদ্যোগে এবং প্রামানিক ট্রেডার্সের সৌজন্যে এ খেলার আয়োজন করা হয়।
খেলা-পূর্ব আলোচনা সভায় বক্তব্য দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড. আলতাফ হোসেন, গাইবান্ধার বিশিষ্ট সমাজকর্মী প্রকৌশলী শামীম প্রামানিক বাদল, রাজনৈতিক ব্যক্তিত্ব ইউনুস আলী খান দুখু, প্রধান শিক্ষক শরিফুল ইসলাম, শিক্ষক জাহিদুল ইসলাম এবং শিক্ষক মাহমুদুল হাসান সবুজ।
প্রকৌশলী শামীম প্রামানিক বাদল বলেন, খেলাধুলা শারীরিক ও মানসিক সুস্থতা অর্জন এবং সুশৃঙ্খল চরিত্র গঠনের অন্যতম শক্তিশালী মাধ্যম। এটি তরুণদের মধ্যে নেতৃত্বের গুণাবলি, ঐক্য ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। খেলাধুলার সঙ্গে সম্পৃক্ত থাকলে যুবসমাজ মাদক থেকে দূরে থাকে এবং অন্যায় কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার সম্ভাবনা কমে। এ কারণে বছরের বিভিন্ন সময়ে ফুটবল, ক্রিকেট, নৌকাবাইচ প্রতিযোগিতা এবং পাতা খেলাসহ বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করা হয়।
খেলা শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী বিজয়ীদের মধ্যে অতিথিরা পুরস্কার বিতরণ করেন।
প্রতিনিধি/আরএইচ