নওগাঁর রাণীনগর থানা-পুলিশ অভিযান চালিয়ে প্রায় ৯ কেজি ওজনের একটি কষ্টিপাথরের বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে।
মূর্তি কেনাবেচা হচ্ছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (১০ জুলাই) বিকেলে উপজেলার পারইল মাঝিপাড়া গ্রামের আব্দুল গফুর হোসেনের ছেলে লিটন হোসেনের (৩৮) বাড়িতে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল জানান, উপজেলার পারইল মাঝিপাড়া গ্রামে মূর্তি কেনাবেচা হচ্ছে-এমন গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকেলে সেখানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় থানা-পুলিশের উপস্থিতি টের পেয়ে চক্রের সদস্যরা পালিয়ে যায়। পরে লিটন হোসেনের বাড়িতে তল্লাশি চালিয়ে শয়নকক্ষের চাল রাখা একটি ড্রামের ভেতর থেকে মূর্তিটি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, থানায় নিয়ে আসার পর প্রাথমিক পরীক্ষায় মূর্তিটি কষ্টিপাথরের বলে নিশ্চিত হওয়া গেছে। প্রায় ৯ কেজি ওজনের এই মূর্তিটির আনুমানিক মূল্য প্রায় ৫ লাখ টাকা হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এ ঘটনায় শুক্রবার সন্ধ্যা পৌনে ৬টা পর্যন্ত এ প্রতিবেদন লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে জানান পুলিশের এই কর্মকর্তা।
প্রতিনিধি/আরএইচ