বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে দিনাজপুরের তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রে প্রায় সাড়ে ৪ কোটি টাকা মূল্যের অত্যাধুনিক রক্ত সংরক্ষণ ও প্রক্রিয়াজাতকরণ যন্ত্রপাতি হস্তান্তর করা হয়েছে।
সোমবার (১৩ জুলাই) সকাল ১১টায় উপশহরস্থ তৈয়বা মজুমদার রক্তকেন্দ্র মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির রক্তদান কর্মসূচির পরিচালক ডা. শাহানা জাফর আনুষ্ঠানিকভাবে এসব যন্ত্রপাতি রক্তকেন্দ্র কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন।
অনুষ্ঠানে তিনি আধুনিক যন্ত্রপাতির সঠিক ব্যবহার ও রক্ষণাবেক্ষণের গুরুত্ব তুলে ধরে বলেন, এসব প্রযুক্তি রক্তের নিরাপদ সংরক্ষণ, উপাদান পৃথকীকরণ এবং মানসম্মত সেবা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের চেয়ারম্যান ও জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল।
এ সময় উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি দিনাজপুর ইউনিটের অ্যাডহক কমিটির ভাইস চেয়ারম্যান একেএম আজাদ, সদস্য খালেকুজ্জামান বাবু, মো. মোকাররম হোসেন, মো. শাহিদুর ইসলাম শাহিন খান, অ্যাডভোকেট মোল্লা সাখাওয়াত হোসেন, দিনাজপুর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ মো. আবু বকর ছিদ্দীক, জেলা বিএনপির সহ-সভাপতি আলহাজ মাহবুব আহমেদ, সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম মুন্না, দপ্তর সম্পাদক প্রভাষক আখতারুজ্জামান আক্তার, জিয়া হার্ট ফাউন্ডেশনের যুগ্ম সম্পাদক আবু তাহের আবু, তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রের ইনচার্জ খন্দকার সাইফুল ইসলাম, যুব রেড ক্রিসেন্ট দিনাজপুর ইউনিটের উপ-যুব প্রধান-১ মো. মেহেদী হাসানসহ অন্যান্য অতিথি ও কর্মকর্তা-কর্মচারীরা।
হস্তান্তর করা যন্ত্রপাতির মধ্যে রয়েছে একটি রেফ্রিজারেটেড সেন্ট্রিফিউজ (সেল সেপারেটর), ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার একটি রক্ত সংরক্ষণ রেফ্রিজারেটর এবং মাইনাস ৪০ ডিগ্রি সেলসিয়াস ক্ষমতাসম্পন্ন একটি ব্লাড ডিপ ফ্রিজসহ প্রয়োজনীয় আনুষঙ্গিক যন্ত্রাংশ। এসব যন্ত্রপাতির আনুমানিক মূল্য প্রায় সাড়ে ৪ কোটি টাকা।
অনুষ্ঠানে অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল জানান, থ্যালাসেমিয়া রোগীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করতে তৈয়বা মজুমদার রক্তকেন্দ্রে শিগগিরই ১০ শয্যাবিশিষ্ট একটি আধুনিক হাসপাতাল নির্মাণ করা হবে। এ প্রকল্প বাস্তবায়নে জেলা পরিষদের পক্ষ থেকে প্রয়োজনীয় আর্থিক সহায়তারও ঘোষণা দেন তিনি।
প্রতিনিধি/আরএইচ