সাংবাদিক সমাজের ওপর হামলা কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে মন্তব্য করেছেন খুলনা মেট্রোপলিটন পুলিশের (কেএমপি) কমিশনার মোহাম্মদ জাহিদুল হাসান।
বুধবার (১৫ জুলাই) দুপুরে খুলনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “সাংবাদিকদের ওপর আঘাত করা মানেই আমার ওপর আঘাত করা। কাজেই এ ঘটনার প্রকৃত সত্য উদঘাটন জরুরি। তথ্যপ্রযুক্তির সহায়তায় সন্ত্রাসীদের শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের পাশাপাশি সিআইডি, পিবিআইসহ একাধিক সংস্থা কাজ শুরু করেছে। হামলার সুষ্ঠু তদন্তে পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।”
এ সময় তিনি সাংবাদিকদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান।
খুলনা প্রেসক্লাবের হুমায়ুন কবীর বালু মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য দেন প্রেসক্লাবের সহসভাপতি সোহরাব হোসেন ও কাজী শামীম আহমেদ, সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম, সিনিয়র সদস্য মুহাম্মদ আবু তৈয়ব, যুগ্ম সম্পাদক মো. বেল্লাল হোসেন সজল, কোষাধ্যক্ষ বিমল সাহা, নির্বাহী সদস্য মো. মাকসুদুর রহমান (মাকসুদ) এবং সদস্য শেখ কামরুল আহসান।
এ ছাড়া উপস্থিত ছিলেন খুলনা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক হাসান আহমেদ মোল্লা, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোহাম্মদ মিলন, নির্বাহী সদস্য সোহেল মাহমুদ ও কে এম জিয়াউস সাদাত, সদস্য আতিয়ার পারভেজসহ ক্লাবের অন্যান্য সদস্য এবং খুলনায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা।
উল্লেখ্য, গত ১৪ জুলাই মঙ্গলবার রাতে খুলনা নগরীর শান্তিধাম এলাকার জাতিসংঘ শিশুপার্কের পশ্চিম পাশে বসে থাকা সাংবাদিকদের লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি ছোড়ে। ওই ঘটনার তদন্তের অগ্রগতি সম্পর্কে সাংবাদিকদের অবহিত করতেই পুলিশ কমিশনার এ মতবিনিময় সভার আয়োজন করেন।
প্রতিনিধি/আরএইচ