কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার বলদিটারি গ্রামে নিজ বসতঘরে আগুন লাগানোর অভিযোগ উঠেছে এক যুবকের বিরুদ্ধে। আগুন লাগানোর পর দেশীয় অস্ত্র, ছুরি ও শাবল হাতে তাণ্ডব চালানোয় এলাকায় চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলার বলদিটারি গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত শামীম (মৃত আনোয়ারের ছেলে) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত বলে স্থানীয়দের দাবি।
স্থানীয়দের ভাষ্য, শামীম নিজেই তার বসতঘরে আগুন ধরিয়ে দেন। এরপর দেশীয় অস্ত্র, ছুরি ও শাবল হাতে ঘরের সামনে অবস্থান নিয়ে তাকে আটকাতে বা আগুন নেভাতে এগিয়ে আসা লোকজনকে প্রাণনাশের হুমকি দেন। এতে ভয়ে তার স্ত্রী, মা-বোনসহ এলাকাবাসী কেউই কাছে যেতে সাহস পাননি।
খবর পেয়ে নাগেশ্বরী ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এরই মধ্যে ঘরের প্রায় সব আসবাবপত্র ও মালামাল পুড়ে যায়।
নাগেশ্বরী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ হীল জামান বলেন, প্রাথমিকভাবে জানা গেছে, এক মাদকাসক্ত যুবক নিজ বাড়িতে আগুন লাগিয়েছেন। এ ঘটনায় লিখিত অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
প্রতিনিধি/আরএইচ