সাতক্ষীরা শহরকে একটি নিরাপদ, পরিচ্ছন্ন ও জলবায়ু-সহনশীল পৌরসভা হিসেবে গড়ে তোলার লক্ষ্যে যুব নেতৃত্বে পরিবেশ দূষণরোধে উন্নত বর্জ্য ব্যবস্থাপনা এবং কার্যকর ডাম্পিং স্টেশন প্রতিষ্ঠার দাবিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও স্টেকহোল্ডারদের নিয়ে এক বিশেষ অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় বেসরকারি উন্নয়ন সংস্থা সিডো-এর আয়োজনে সংস্থার ম্যানগ্রোভ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন সিডোর নির্বাহী পরিচালক শ্যামল বিশ্বাস।
সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা পৌরসভার সমাজসেবা উন্নয়ন কর্মকর্তা জিয়াউর রহমান, পৌরসভার সাবেক প্যানেল মেয়র শফিক উদ দৌলা সাগর এবং পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক আশরাফ আলী।
সিডোর প্রোগ্রাম অফিসার তৌহিদুজ্জামানের সঞ্চালনায় বক্তব্য দেন স্বদেশের নির্বাহী পরিচালক মাধব চন্দ্র দত্ত, পল্টু বাশার, নারী নেত্রী ফরিদা আখতার বিউটি, সুজনের জেলা সম্পাদক ও সিনিয়র সাংবাদিক মোস্তাফিজুর রহমান উজ্জ্বল, জেলা নাগরিক কমিটির যুগ্ম সদস্যসচিব আলিনুর নুর খান বাবুল, অর্জন ফাউন্ডেশনের মহুয়া মঞ্জুরী, জেলা ইমাম সমিতির মাওলানা মাহবুবুর রহমান, বিডি ক্লিনের শাহরিয়ার আনজুম, বারসিকের গাজী মাহিদা মিজান, টিআইবির আল আমিন হোসেন এবং যুবনেতা হৃদয় মণ্ডল, ইফতি জামিল ও সাকিব হোসেন।
এছাড়া অ্যাকশনএইড বাংলাদেশের ইনস্পিরেটর নয়ন হোসেন, প্রোগ্রাম অফিসার চন্দ্র শেখর হালদার, ফাইন্যান্স অফিসার আব্দুস সাত্তার, ইয়ুথ পিয়ার গ্রুপ ফ্যাসিলিটেটর স্বপ্না পারভীনসহ বিভিন্ন সামাজিক, পরিবেশবাদী ও নাগরিক সংগঠনের প্রতিনিধিরা সভায় অংশ নেন।
বক্তারা বলেন, অপরিকল্পিত নগরায়নের ফলে ড্রেনেজ ব্যবস্থার বেহাল দশায় সাধারণ মানুষের দুর্ভোগ চরমে পৌঁছেছে। শহরকে পরিবেশ দূষণ ও জলাবদ্ধতা থেকে রক্ষা করতে পরিবেশ দূষণকারীদের দ্রুত চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে।
তারা আরও বলেন, বর্জ্য সমস্যার স্থায়ী সমাধানের জন্য শুধু কর্তৃপক্ষের সদিচ্ছাই যথেষ্ট নয়; এর পাশাপাশি সাধারণ মানুষের সচেতনতা ও দায়িত্ববোধ বৃদ্ধি করতে হবে। উৎস পর্যায়ে বর্জ্য পৃথকীকরণ এবং আধুনিক স্যানিটারি ডাম্পিং স্টেশন স্থাপনের মাধ্যমেই সাতক্ষীরাকে একটি পরিচ্ছন্ন, স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব নগরী হিসেবে গড়ে তোলা সম্ভব।
প্রতিনিধি/আরএইচ