ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের তেমুহনী বাজারে দীর্ঘদিনের জলাবদ্ধতা নিরসন এবং টেকসই ড্রেন নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসী। রোববার (১৯ জুলাই) বেলা ১১টার দিকে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের তেমুহনী বাজারে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
পাঁচগাছিয়া বাজারের ব্যবসায়ী ইব্রাহিম খলিলের সভাপতিত্বে এবং ফেনী জেলা যুবদলের সদস্য ও ব্যবসায়ী মওদুদ আহমেদ রনির সঞ্চালনায় মানববন্ধনে বাজারের ব্যবসায়ী, স্থানীয় বাসিন্দা এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা অংশ নেন।
মানববন্ধনে বক্তব্য দেন পাঁচগাছিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেলু, ইউনিয়ন জামায়াতের আমির ও ব্যবসায়ী জাহাঙ্গীর আলম, দৈনিক অজেয় বাংলার নির্বাহী সম্পাদক শাহজালাল ভূঁইয়া, তামিরুল উম্মাহ মাদ্রাসার প্রধান মাওলানা আবদুল হান্নান, ওয়ার্ড জামায়াতের আমির নুরুল আমীন মিয়াসাব, ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাইন উদ্দিন বেলু, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য গিয়াস উদ্দিন, ইউনিয়ন বিএনপির সদস্য শামসুদ্দিন লাবলু এবং জামাল একাডেমির প্রধান শিক্ষিকা তহুরা শামিম।
বক্তারা অভিযোগ করে বলেন, ফেনী-নোয়াখালী আঞ্চলিক মহাসড়ক নির্মাণের সময় রাস্তার পাশের ড্রেনগুলো ভরাট হয়ে যায়। এরপর থেকে তেমুহনী বাজারে আর কোনো নতুন ড্রেনেজ ব্যবস্থা গড়ে ওঠেনি। ফলে সামান্য বৃষ্টি হলেই বাজারে হাঁটুসমান পানি জমে সড়ক চলাচলের অনুপযোগী হয়ে পড়ে।
তারা আরও বলেন, জলাবদ্ধতার কারণে আশপাশের স্কুল, মাদ্রাসাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের কোমলমতি শিক্ষার্থীদের নোংরা পানি মাড়িয়ে যাতায়াত করতে হচ্ছে, যা মারাত্মক স্বাস্থ্যঝুঁকি সৃষ্টি করছে।
বাজারে দীর্ঘ সময় পানি জমে থাকায় ক্রেতা সমাগম প্রায় শূন্যের কোঠায় নেমে এসেছে। ফলে ব্যবসায়ীরা চরম আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
বক্তারা জানান, এ জনদুর্ভোগ নিরসনে ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরে একাধিকবার লিখিত ও মৌখিকভাবে আবেদন করা হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
যুবদল নেতা ও ব্যবসায়ী মওদুদ আহমেদ রনি বলেন, "তেমুহনী এলাকাটি অত্যন্ত জনগুরুত্বপূর্ণ। এখানে ২৪ ঘণ্টাই মানুষের সমাগম থাকে। মহাসড়ক নির্মাণের সময় ড্রেন না করায় বৃষ্টি হলেই জমে থাকা পানির দুর্গন্ধ চারদিকে ছড়িয়ে পড়ে। আমরা অবিলম্বে এর স্থায়ী সমাধান চাই।"
স্থানীয় জামায়াত নেতা ও ব্যবসায়ী জাহাঙ্গীর আলম বলেন, "দীর্ঘদিন ধরে এই বাজারের ক্রেতা-বিক্রেতারা জলাবদ্ধতার অভিশাপ বয়ে বেড়াচ্ছেন। কিন্তু প্রশাসনের পক্ষ থেকে কোনো দৃশ্যমান উদ্যোগ নেওয়া হয়নি। তাই আমরা বাধ্য হয়ে রাজপথে নেমেছি।"
মানববন্ধনে অংশগ্রহণকারীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, অনতিবিলম্বে তেমুহনী বাজারে পানি নিষ্কাশনের কার্যকর ব্যবস্থা গ্রহণ এবং টেকসই ড্রেন নির্মাণ করা না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
প্রতিনিধি/আরএইচ