পিরোজপুরের মঠবাড়িয়া পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের সুইজগেট এলাকার একটি ভাড়া বাসা থেকে ওবায়দুর রহমান সুমন (৩০) নামে এক রাজমিস্ত্রির ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (২২ জুলাই) সকালে স্থানীয়দের খবরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।
নিহত ওবায়দুর রহমান সুমন বগুড়া জেলার আদমদীঘি উপজেলার বাসিন্দা। তাঁর বাবার নাম ময়েন প্রামাণিক। তিনি প্রায় পাঁচ বছর ধরে মঠবাড়িয়া পৌর শহরের সুইজগেট এলাকায় ভাড়া বাসায় থেকে রাজমিস্ত্রির কাজ করতেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাসার একটি কক্ষে তাঁকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। মৃত্যুর সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
নিহতের স্ত্রী সখি বেগম জানান, তাঁর স্বামী রাজমিস্ত্রির কাজ করতেন। সম্প্রতি তিনি অনলাইন জুয়ায় জড়িয়ে আর্থিক সংকটে পড়েন। ঋণগ্রস্ত হয়ে পড়ায় পারিবারিক অশান্তিরও সৃষ্টি হয়েছিল। তাঁর ধারণা, মানসিক চাপে এমন ঘটনা ঘটতে পারে। তবে মৃত্যুর প্রকৃত কারণ তদন্তের মাধ্যমেই নিশ্চিত হওয়া সম্ভব।
মঠবাড়িয়া থানার ওসি (তদন্ত) শেখ হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানোর প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্তের ভিত্তিতে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।
প্রতিনিধি/আরএইচ