সাতক্ষীরা রেঞ্জ বন বিভাগের বিশেষ অভিযানে শ্যামনগর উপজেলার নওয়াবেঁকী ফেরিঘাট এলাকা থেকে ৭০ বস্তা অবৈধ ঝিনুকসহ একটি ট্রাক জব্দ করা হয়েছে। এ সময় ট্রাকের চালককে গ্রেপ্তার করেছে বন বিভাগ।
মঙ্গলবার (২১ জুলাই) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা রেঞ্জ বন বিভাগের একটি আভিযানিক দল নওয়াবেঁকী ফেরিঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার ট্রাকচালক রিপন শেখ (৩০) খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার বাসিন্দা। তিনি মৌজে শেখের ছেলে।
বন বিভাগ সূত্রে জানা গেছে, রাতে খবর পাওয়া যায়, শ্যামনগর এলাকা দিয়ে অবৈধ ঝিনুকের একটি বড় চালান পাচার করা হচ্ছে। তথ্যের ভিত্তিতে বন বিভাগের সদস্যরা একটি সন্দেহভাজন ট্রাকে তল্লাশি চালিয়ে ৭০ বস্তা অবৈধ ঝিনুক উদ্ধার করেন। এ সময় ঝিনুক পরিবহনে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয় এবং চালক রিপন শেখকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।
বুড়িগোয়ালিনী ফরেস্ট স্টেশনের কর্মকর্তা ইরফান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে পরিবহন করা ৭০ বস্তা ঝিনুক ও ট্রাক জব্দ করা হয়েছে। গ্রেপ্তার চালকের বিরুদ্ধে বন আইনে মামলা দায়ের করে তাকে সাতক্ষীরা জেলা আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, সুন্দরবন ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকার প্রাকৃতিক, বনজ ও জলজ সম্পদ রক্ষা এবং অবৈধ পাচার রোধে বন বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
এদিকে বন বিভাগের এ অভিযানের প্রশংসা করেছেন স্থানীয় বাসিন্দারা। সুন্দরবনের জলজ প্রতিবেশ (ইকোসিস্টেম) ও পরিবেশের ভারসাম্য রক্ষায় অবৈধ ঝিনুক আহরণ ও পাচারকারীদের বিরুদ্ধে কঠোর নজরদারি এবং নিয়মিত অভিযান জোরদারের দাবি জানিয়েছেন তারা।
প্রতিনিধি/আরএইচ