গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার চাপড়িগঞ্জ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় এক যাত্রীর পা বিচ্ছিন্ন হয়েছে। এ ঘটনায় আরও অন্তত আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে পাঁচজনকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (২৫ জুলাই) রাত ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
পা বিচ্ছিন্ন হওয়া যাত্রীর নাম অনন্ত দাস (২৭)। তিনি উপজেলার চক গোবিন্দপুর এলাকার উজ্জ্বল দাসের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৮টার দিকে গোবিন্দগঞ্জের চাপড়িগঞ্জ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের পাশে একটি ট্রাক দাঁড়িয়ে ছিল। এ সময় ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস ট্রাকটিকে পেছন থেকে ধাক্কা দিলে বাসটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে অনন্ত দাসের একটি পা বিচ্ছিন্ন হয় এবং আরও অন্তত আটজন যাত্রী আহত হন।
স্থানীয়দের সহায়তায় ফায়ার সার্ভিসের কর্মীরা আহতদের উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে আশঙ্কাজনক অবস্থায় থাকা পাঁচজনকে উন্নত চিকিৎসার জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. মশিউর রহমান বলেন, দাঁড়িয়ে থাকা একটি ট্রাকে যাত্রীবাহী বাসের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটেছে। এতে এক যাত্রীর পা বিচ্ছিন্ন হয়েছে এবং আরও প্রায় আটজন আহত হয়েছেন।
প্রতিনিধি/আরএইচ