কুড়িগ্রামে শিশু সুরক্ষা ও শিশুদের অধিকার নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় জোরদারের লক্ষ্যে একটি সমন্বয় ও পরামর্শ সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৬ জুলাই) দুপুরে জেলা শহরে টেরে ডেস হোমস ফাউন্ডেশনের সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়। ইতালির আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা টেরে ডেস হোমস ইতালিয়া (টিডিএইচ ইতালিয়া) ‘সমতার আলো-লাইট অব ইক্যুয়ালিটি থ্রু স্পনসরশিপ’ প্রকল্পের আওতায় সভাটির আয়োজন, বাস্তবায়ন ও অর্থায়ন করে।
সভায় সমাজসেবা অধিদপ্তর, শিক্ষা বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তা, শিক্ষাবিদ, বিদ্যালয়ের শিক্ষক, এনজিও প্রতিনিধি, কমিউনিটিভিত্তিক শিশু সুরক্ষা কমিটির (সিবিসিপিসি) সদস্য এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় প্রকল্পের কার্যক্রম স্থানীয় বাস্তবতা, চাহিদা ও বিদ্যমান নীতিমালার সঙ্গে আরও সামঞ্জস্যপূর্ণ করার লক্ষ্যে অংশগ্রহণকারীদের মতামত ও সুপারিশ গ্রহণ করা হয়। পাশাপাশি শিশু সুরক্ষাবিষয়ক চলমান কার্যক্রম, বিভিন্ন অংশীজনের মধ্যে সমন্বয় জোরদার, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা হয়।
প্রধান অতিথির বক্তব্যে কুড়িগ্রাম সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মশিউর রহমান মণ্ডল বলেন, “এটি একটি যুগোপযোগী উদ্যোগ। শিশুদের জন্য নিরাপদ, সহায়ক ও অধিকারভিত্তিক পরিবেশ নিশ্চিত করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের কার্যক্রম শিশু সুরক্ষা ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে।”
তিনি আরও বলেন, “এই উদ্যোগের মাধ্যমে একটি অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ শিক্ষা পরিবেশ গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, যেখানে প্রান্তিক শিশুরাও সমান সুযোগে শিক্ষা লাভ করবে এবং তাদের অধিকার নিশ্চিত হবে।”
আয়োজকদের ভাষ্য, এ উদ্যোগের মাধ্যমে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয় আরও শক্তিশালী করা, শিশু সুরক্ষাবিষয়ক কার্যক্রমের স্থায়িত্ব নিশ্চিত করা এবং বাস্তবভিত্তিক পরামর্শের মাধ্যমে প্রকল্পের কার্যকারিতা বৃদ্ধি করাই মূল লক্ষ্য।
সভায় আরও উপস্থিত ছিলেন কুড়িগ্রাম সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন, সিবিসিপিসির সভাপতি মো. আল আমিন, কুড়িগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, টেরে ডেস হোমস ইতালিয়ার প্রকল্প সমন্বয়ক হিরন্ময় সরখেলসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
প্রতিনিধি/আরএইচ