উপকূলীয় সাংস্কৃতিক ফোরাম আয়োজিত ‘উপকূলীয় অভিষেক-২০২৬’ উপলক্ষে গুণীজন সংবর্ধনা ও মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যায় সন্দ্বীপের সফল উদ্যোক্তা হিসেবে সম্মাননা পেয়েছেন আহাম্মদ এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী ফেরদৌস আহম্মেদ কৌশিক।
শনিবার (২৫ জুলাই) চট্টগ্রামের থিয়েটার ইনস্টিটিউটে অনুষ্ঠিত বর্ণাঢ্য এ আয়োজনে চট্টগ্রাম ও সন্দ্বীপের বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখা সফল উদ্যোক্তা ও গুণীজনদের সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানে ফেরদৌস আহম্মেদ কৌশিকের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক আবদুল মালেক।
অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক আজাদী পত্রিকার সম্পাদক আবদুল মালেক। প্রধান অতিথি ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)-এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন।
ফেরদৌস আহম্মেদ কৌশিক দীর্ঘদিন ধরে সন্দ্বীপে সফলভাবে ডিম উৎপাদন ও বিপণন ব্যবসার সঙ্গে জড়িত। তাঁর প্রতিষ্ঠান আহাম্মদ এন্টারপ্রাইজ প্রতিদিন প্রায় ২০ হাজার ডিম সন্দ্বীপের বাজারে সরবরাহ করে মানুষের পুষ্টি চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। স্থানীয়দের মতে, সন্দ্বীপে এত বৃহৎ পরিসরে ডিম সরবরাহের এ উদ্যোগ দ্বীপের খাদ্য নিরাপত্তা ও পুষ্টি নিশ্চিত করতে উল্লেখযোগ্য অবদান রাখছে।
সম্মাননা লাভের পর ফেরদৌস আহম্মেদ কৌশিক বলেন, “এই স্বীকৃতি আমাকে আরও দায়িত্বশীলভাবে কাজ করার অনুপ্রেরণা জোগাবে। ভবিষ্যতেও মানসম্মত খাদ্যপণ্য সরবরাহের মাধ্যমে সন্দ্বীপের মানুষের পাশে থাকতে চাই।”
অনুষ্ঠানে চট্টগ্রাম ও সন্দ্বীপের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়িক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। গুণীজন সংবর্ধনার পাশাপাশি মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনায় অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে। উদ্যোক্তা ও সমাজে ইতিবাচক অবদান রাখা ব্যক্তিদের সম্মানিত করার মাধ্যমে উপকূলীয় অঞ্চলের উন্নয়ন ও সৃজনশীল কর্মকাণ্ডকে আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আয়োজকরা।
প্রতিনিধি/আরএইচ