ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) উপাচার্য অধ্যাপক ড. প্রকৌশলী মোহাম্মদ ইকবাল বলেছেন, কোনো জাতির বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত অগ্রগতির অধিকাংশই নির্ভর করে সেই জাতির গণিতে দক্ষতার ওপর। তিনি বলেন, গণিত শুধু একটি একাডেমিক বিষয় নয়, বরং আধুনিক বিজ্ঞান ও প্রযুক্তির মূল চালিকাশক্তি।
শনিবার ডুয়েটের গণিত বিভাগ ও ম্যাথ ক্লাবের যৌথ উদ্যোগে আয়োজিত ‘ন্যাশনাল ম্যাথমেটিক্স কার্নিভাল-২০২৬’-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উপাচার্য বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং, তথ্য নিরাপত্তা, সাইবার সিকিউরিটি, মহাকাশ গবেষণা, জলবায়ু পরিবর্তনের পূর্বাভাস, জিনোম সিকোয়েন্সিং এবং প্রকৌশলের জটিল নকশাসহ আধুনিক প্রযুক্তির প্রায় প্রতিটি ক্ষেত্রেই গাণিতিক মডেলিং গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। যুক্তিবাদী ও বিশ্লেষণধর্মী চিন্তাশক্তি বিকাশে এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের জন্য কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে কাজ করবে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও বলেন, ডুয়েট প্রকৌশল শিক্ষার পাশাপাশি মৌলিক বিজ্ঞান ও গণিতচর্চাকে সমান গুরুত্ব দিয়ে আসছে। গণিতকে জনপ্রিয় করা এবং শিক্ষার্থীদের সৃজনশীল চিন্তার বিকাশে প্রতিবছর এ ধরনের কার্নিভাল আয়োজনের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে তিনি আয়োজকদের ধন্যবাদ জানান। পাশাপাশি অংশগ্রহণকারী শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের বিজ্ঞান ও প্রযুক্তি খাতে নেতৃত্ব দেবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এর আগে সকালে বিশ্ববিদ্যালয়ের শহিদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে কার্নিভালের উদ্বোধন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার। তিনি বলেন, গণিত বিজ্ঞানের ভাষা। কৃত্রিম বুদ্ধিমত্তা ও রোবোটিক্সসহ আধুনিক প্রযুক্তির ভিত্তি গড়ে উঠেছে গাণিতিক মডেলিং ও যুক্তিনির্ভর চিন্তার ওপর। শিক্ষার্থীদের স্কুলজীবন থেকেই গণিতের প্রতি আগ্রহ সৃষ্টি করা প্রয়োজন।
গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আবু নঈম শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. প্রকৌশলী সালমা আখতার, বাংলাদেশ ম্যাথমেটিক্যাল সোসাইটির সভাপতি অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, ডুয়েটের ছাত্র কল্যাণ দপ্তরের সহযোগী পরিচালক অধ্যাপক ড. মো. সাহাব উদ্দিন, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. মোস্তাকুর রহমান, গণিত বিভাগের অধ্যাপক ড. মো. আজমল হোসেন, ম্যাথ ক্লাবের উপদেষ্টা অধ্যাপক ড. মোছা. নাসরিন আখতার এবং বাংলাদেশ মেশিন টুলস ফ্যাক্টরির পরিচালক (অর্থ) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ শফিকুল হক।
অনুষ্ঠানে কী-নোট স্পিকার হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ম্যাথমেটিক্যাল অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ এবং প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক। এছাড়া ম্যাথ ক্লাবের সভাপতি আবদুল ওয়াদুদ রতন ও সাধারণ সম্পাদক মো. রাফিউজ্জামান বক্তব্য দেন।
দিনব্যাপী আয়োজিত এ কার্নিভালে দেশের প্রায় দেড়শ স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় থেকে এক হাজারের বেশি শিক্ষার্থী অংশ নেন। গণিত অলিম্পিয়াড, পোস্টার প্রেজেন্টেশন, প্রবন্ধ রচনা প্রতিযোগিতা ও ম্যাথ গেমসসহ বিভিন্ন আয়োজন শেষে বিকেলে বিজয়ীদের মধ্যে সনদ, ক্রেস্ট ও পুরস্কার বিতরণের মাধ্যমে কার্নিভালের সমাপ্তি হয়।
প্রতিনিধি/আরএইচ