ফেনীতে সাম্প্রতিক বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় মানুষের মাঝে মানবিক সহায়তা হিসেবে বিনামূল্যে ৩৬ মেট্রিক টন চাল বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। এ কর্মসূচির আওতায় ফেনী পৌরসভার ১৮টি ওয়ার্ডের মোট ৩ হাজার ৬০০টি পরিবার ১০ কেজি করে চাল পাবে।
মঙ্গলবার (২৮ জুলাই) ফেনী পৌরসভা প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে ৩৬০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে চাল বিতরণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়।
পৌরসভার প্রশাসক ও স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মো. দিদারুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী-২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক জয়নাল আবেদীন (ভিপি)।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত অসহায় মানুষের পাশে দাঁড়ানো সবার নৈতিক দায়িত্ব। সরকার ও স্থানীয় প্রশাসন সব সময় সাধারণ মানুষের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও এ সহায়তা অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে পৌর নির্বাহী কর্মকর্তা মো. সামছুল ইসলাম, নির্বাহী প্রকৌশলী মো. জাকির উদ্দিন, মেডিকেল অফিসার ডা. কৃষ্ণ পদ সাহা, প্রশাসনিক কর্মকর্তা এস এম শরাফত উল্যাহ চৌধুরী, ট্রেড লাইসেন্স পরিদর্শক মো. কামাল উদ্দিন, কনজারভেন্স ইন্সপেক্টর ছরওয়ার আলম, সদর উপজেলা বিএনপির আহ্বায়ক ফজলুর রহমান বকুল, পৌর আহ্বায়ক দেলোয়ার হোসেন বাবুল, সদর উপজেলা সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির, যুগ্ম আহ্বায়ক তপন কর, ঠিকাদার এ কে এম ফজলুল হক পলাশসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব, গণ্যমান্য ব্যক্তি ও সহায়তাপ্রাপ্ত নাগরিকরা উপস্থিত ছিলেন।
প্রতিনিধি/একে