নওগাঁ সদর আসনের সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলুর মানবিক উদ্যোগে অবশেষে মাথার ওপর স্থায়ী পাকা ঘর পেতে যাচ্ছেন এক অসহায় ভ্যানচালক।
জানা গেছে, নওগাঁ সদর উপজেলার দুবলহাটি ইউনিয়নের ভবানীনগর গ্রামের মৃত আলী জানের ছেলে মো. আব্দুল আজিজ পেশায় একজন ভ্যানচালক। দুই ছেলে ও এক মেয়েকে নিয়ে দীর্ঘদিন ধরে তিনি অত্যন্ত মানবেতর অবস্থায় বসবাস করে আসছেন। তাঁর সম্বল বলতে রয়েছে শুধু একটি ছোট্ট বসতভিটা, যেখানে জরাজীর্ণ ঘরে পরিবার নিয়ে দিন কাটাচ্ছিলেন।
আব্দুল আজিজের এই অসহায় অবস্থার খবর জানতে পেরে মঙ্গলবার (২৮ জুলাই) বিকেলে মানবিক সহায়তার হাত বাড়িয়ে দেন সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু। তিনি আগামী এক সপ্তাহের মধ্যে আব্দুল আজিজের জন্য একটি নতুন ঘর এবং একটি উন্নতমানের টয়লেট নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতি দেন।
সংসদ সদস্যের এমন মানবিক উদ্যোগে স্বস্তি ও আনন্দের বন্যা বইছে আব্দুল আজিজের পরিবারে। আবেগাপ্লুত কণ্ঠে আব্দুল আজিজ বলেন, “সংসদ সদস্য মহোদয়ের এই উপহার আমার জীবনের সবচেয়ে বড় আশ্রয়। এবার আমরা পরিবার নিয়ে শান্তিতে থাকতে পারব।”
এ বিষয়ে সংসদ সদস্য জাহিদুল ইসলাম ধলু বলেন, “এলাকার কোনো অসহায় মানুষ যেন মৌলিক অধিকার থেকে বঞ্চিত না হন, সে লক্ষ্যেই আমি কাজ করে যাচ্ছি। ভ্যানচালক আব্দুল আজিজের ঘর ও টয়লেট নির্মাণের কাজ দ্রুত শুরু করা হবে এবং নির্ধারিত সময়ের মধ্যেই তাঁর কাছে হস্তান্তর করা হবে।”
দেশবার্তা/আরএইচ