জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) একাডেমিক কাউন্সিলের আসন্ন সভায় শিক্ষার্থীবান্ধব সিদ্ধান্ত গ্রহণ এবং জাকসুর উত্থাপিত ১৩ দফা দাবি বাস্তবায়নের দাবিতে অবস্থান কর্মসূচি পালন করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু)।
বুধবার (২৯ জুলাই) বেলা ৩টায় বিশ্ববিদ্যালয়ের পুরাতন রেজিস্ট্রার ভবনের সামনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এর আগে গত ২১ জুলাই জাকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু উবায়দা উসামা স্বাক্ষরিত একটি স্মারকলিপি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) বরাবর জমা দেওয়া হয়। স্মারকলিপিতে জাকসুর ১৩ দফা দাবি আসন্ন একাডেমিক কাউন্সিলের সভায় আলোচনা ও অনুমোদনের মাধ্যমে দ্রুত বাস্তবায়নের আহ্বান জানানো হয়।
জাকসুর দাবিগুলোর মধ্যে রয়েছে—মাস্টার্স পর্যায়ের থিসিস শিক্ষার্থীদের জন্য প্রাতিষ্ঠানিক গবেষণা বৃত্তি চালু, আন্তর্জাতিক বিভিন্ন জার্নাল ও অনলাইন গবেষণা প্ল্যাটফর্মে শিক্ষার্থীদের প্রবেশাধিকার নিশ্চিত করা, সেশনজট নিরসনে কার্যকর একাডেমিক ক্যালেন্ডার প্রণয়ন, দ্রুত ফল প্রকাশ এবং শিক্ষার্থীদের প্রাতিষ্ঠানিক ই-মেইলের মেয়াদ বৃদ্ধি। পাশাপাশি যোগ্য শিক্ষার্থীদের জন্য বিশ্ববিদ্যালয়ে ‘রিসার্চ অ্যাসিস্ট্যান্ট (RA)’ হিসেবে কাজের সুযোগ সৃষ্টির দাবিও জানানো হয়েছে।
এ ছাড়া ওয়াজেদ মিয়া বিজ্ঞান গবেষণা কেন্দ্রে গবেষণাভিত্তিক সার্টিফিকেট কোর্স চালু ও সেখানে শিক্ষার্থীদের নিয়োগের সুযোগ সৃষ্টি, পরীক্ষা নিয়ন্ত্রকের দপ্তরসহ বিভিন্ন বিভাগে জনবল সংকট দূর করা, বিশেষ চাহিদাসম্পন্ন (প্রতিবন্ধী) শিক্ষার্থীদের শ্রুতিলিখক অনুমোদনের প্রক্রিয়া সহজ করে বিভাগীয় পর্যায়ে বিকেন্দ্রীকরণ এবং মানোন্নয়ন পরীক্ষার আবেদনের ক্ষেত্রে ন্যূনতম জিপিএ শর্ত ৩.০০ থেকে ৩.২৫ করার বিষয়টি বিবেচনার দাবি জানানো হয়েছে।
শিক্ষার্থীদের শিক্ষাগত সহায়তার পাশাপাশি মূল্যায়ন ব্যবস্থার সংস্কারের দাবিও তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে—চূড়ান্ত পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন (Re-evaluation) ব্যবস্থা চালু, মূল্যায়নে অনিয়মের নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা, অনার্স শেষ বর্ষের শিক্ষার্থীদের বিশেষ পরিস্থিতিতে বিশেষ পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ দেওয়া, শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থীদের মাধ্যমে ‘শিক্ষক মূল্যায়ন পদ্ধতি’ চালু এবং পরীক্ষার সময়সূচি শিক্ষার্থীবান্ধব ও বাস্তবসম্মতভাবে পুনর্বিন্যাস করা।
জাকসুর শিক্ষা ও গবেষণা সম্পাদক আবু উবায়দা উসামা বলেন, “এসব দাবি বাস্তবায়িত হলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার সার্বিক মানোন্নয়নের পাশাপাশি শিক্ষার্থীদের দীর্ঘদিনের প্রশাসনিক ও একাডেমিক ভোগান্তি অনেকাংশে কমে আসবে।”
উত্থাপিত দাবিগুলোর বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. শামছুল আলম বলেন, “জাকসুর দাবিগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে। শিক্ষার্থীদের কল্যাণে যেসব দাবি দ্রুত বাস্তবায়ন করা সম্ভব, সেগুলো অগ্রাধিকার ভিত্তিতে কার্যকর করা হবে। আর যেসব বিষয়ে নীতিগত সিদ্ধান্ত প্রয়োজন, সেগুলো প্রয়োজনীয় কমিটি গঠন ও দাপ্তরিক প্রক্রিয়ার মাধ্যমে ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে।”
প্রতিনিধি/আরএইচ