কাঁঠালের বীজ থেকে ঘনীভূত খনিজসমৃদ্ধ খাদ্য উপাদান (মিনারেল কনসেন্ট্রেট) তৈরির একটি প্রযুক্তি উদ্ভাবন করেছেন গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের (গাকৃবি) গবেষকরা। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, প্রযুক্তিটি বাংলাদেশ সরকারের পেটেন্ট লাভ করেছে।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, গাকৃবির খাদ্য প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. মো. এমদাদুল হক এবং তাঁর স্নাতকোত্তর গবেষক মো. আকরাম হোসেনের যৌথ গবেষণায় প্রযুক্তিটি উদ্ভাবিত হয়। প্রায় তিন বছর গবেষণার পর ২০২৫ সালের নভেম্বরে এটি উদ্ভাবিত হয়। পরে শিল্প মন্ত্রণালয়ের অধীন পেটেন্ট, ডিজাইন ও ট্রেডমার্কস অধিদপ্তর (ডিপিডিটি) থেকে পেটেন্ট নম্বর পি/বিডি/২০২৪/০০০০৪০-এর মাধ্যমে প্রযুক্তিটির পেটেন্ট নিবন্ধিত হয়।
বিশ্ববিদ্যালয় বলছে, নাম পরিবর্তনের পর গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের এটি প্রথম পেটেন্টপ্রাপ্ত উদ্ভাবন। এ নিয়ে বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবিত প্রযুক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২১টিতে।
গবেষকদের তথ্য অনুযায়ী, শুকনো কাঁঠালের বীজে প্রায় ২ শতাংশ খনিজ উপাদান থাকে। উদ্ভাবিত প্রযুক্তির মাধ্যমে তা ঘনীভূত করে ৩৩ শতাংশের বেশি খনিজসমৃদ্ধ কনসেন্ট্রেট উৎপাদন সম্ভব হয়েছে, যা খনিজের ঘনত্ব প্রায় ১৬ থেকে ১৭ গুণ পর্যন্ত বাড়াতে সক্ষম।
গবেষণাটি শিক্ষা মন্ত্রণালয়ের গ্র্যান্টস ফর অ্যাডভান্সড রিসার্চ অ্যান্ড এডুকেশন (জিএআরই) প্রকল্পের অর্থায়নে পরিচালিত হয়।
গবেষকদের মতে, কাঁঠালের বীজ থেকে উৎপাদিত মিনারেল কনসেন্ট্রেট বিভিন্ন প্রক্রিয়াজাত খাদ্যে ব্যবহার করে অধিক পুষ্টিমানসম্পন্ন খাদ্য উৎপাদন করা সম্ভব হবে। এর মাধ্যমে কৃষিজ বর্জ্যের কার্যকর ব্যবহার, খাদ্য অপচয় হ্রাস, পরিবেশ সংরক্ষণ এবং কৃষিভিত্তিক শিল্পের বিকাশে সহায়তা মিলতে পারে।
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. জিকেএম মোস্তাফিজুর রহমান বলেন, কৃষিজ বর্জ্যকে উচ্চমূল্যের পুষ্টিসমৃদ্ধ খাদ্য উপাদানে রূপান্তরের ক্ষেত্রে এ উদ্ভাবন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। তিনি বলেন, গবেষণাগারের উদ্ভাবনকে শিল্প ও সমাজে ব্যবহারযোগ্য প্রযুক্তিতে রূপান্তরের মাধ্যমে দেশের উন্নয়নে অবদান রাখাই বিশ্ববিদ্যালয়ের লক্ষ্য।
প্রযুক্তিটির অন্যতম উদ্ভাবক অধ্যাপক ড. মো. এমদাদুল হক বলেন, প্রযুক্তিটি বাণিজ্যিকভাবে ব্যবহার করা গেলে পুষ্টিসমৃদ্ধ খাদ্যপণ্য উন্নয়ন, কাঁঠালভিত্তিক শিল্পের সম্প্রসারণ, কৃষকের আয় বৃদ্ধি এবং কৃষিজ সম্পদের অধিকতর ব্যবহারের সুযোগ সৃষ্টি হবে।
প্রতিনিধি/আরএইচ