‘সবাই হই সচেতন, বাঘ করি সংরক্ষণ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (২৯ জুলাই) বাগেরহাটের শরণখোলায় বিশ্ব বাঘ দিবস পালিত হয়েছে। বন বিভাগের উদ্যোগে শোভাযাত্রা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও আলোচনা সভাসহ নানা কর্মসূচির মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
দিনের শুরুতে শরণখোলা রেঞ্জ অফিস-সংলগ্ন বাজার এলাকায় বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী, বনজীবী, শিক্ষক-শিক্ষার্থী, গণমাধ্যমকর্মী, পরিবেশবাদী সংগঠনের প্রতিনিধি, জনপ্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। পরে পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জ অফিস মিলনায়তনে দিবসটির আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়।
উপজেলার সাউথখালী ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে সুন্দরবন ও রয়েল বেঙ্গল টাইগার সংরক্ষণবিষয়ক চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। শিক্ষার্থীদের আঁকা ছবিতে সুন্দরবনের জীববৈচিত্র্য, বাঘের আবাসস্থল ও প্রকৃতি সংরক্ষণের বিভিন্ন বিষয় ফুটে ওঠে।
দুপুরে রেঞ্জ কর্মকর্তা (সহকারী বন সংরক্ষক) মো. শরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য দেন পাথরঘাটার জ্ঞানপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান এম কামরুল ইসলাম, আইইউসিএনের প্রোগ্রাম ম্যানেজার সুলতান আহমেদ, সাংবাদিক এস এস শোহান, শিক্ষক মো. জাহাঙ্গীর হোসেন, ওয়াইল্ড টিমের সদস্য আলম হাওলাদার, চরদোয়ানী বন্যপ্রাণী সুরক্ষা কমিটির সদস্য মো. মিজানুর রহমান, সিপিজি সদস্য আবুল আসলাম তুহিন বয়াতী এবং ভিটিআরটি সদস্য জাকারিয়া হোসাইন।
বক্তারা বলেন, রয়েল বেঙ্গল টাইগার শুধু সুন্দরবনের নয়, এটি বাংলাদেশের গর্ব এবং বিশ্ব জীববৈচিত্র্যের অন্যতম প্রতীক। সুন্দরবনের পরিবেশগত ভারসাম্য রক্ষায় বাঘের ভূমিকা অপরিহার্য। তাই বাঘ ও তার আবাসস্থল সংরক্ষণে বন বিভাগের পাশাপাশি স্থানীয় জনগণকেও এগিয়ে আসতে হবে। এ লক্ষ্যে বন ও বন্যপ্রাণী সংরক্ষণে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
প্রতিনিধি/আরএইচ