বঙ্গভবনের দরবার হলে আজ সন্ধ্যায় দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের শপথগ্রহণ অনুষ্ঠিত হবে। রাষ্ট্রপতির প্রেস সচিব মো. সরওয়ার আলম জানিয়েছেন, শপথ অনুষ্ঠানের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শপথ অনুষ্ঠানটি পরিচালনা করবে মন্ত্রিপরিষদ বিভাগ। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথবাক্য পাঠ করাবেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। অনুষ্ঠানটি পরিচালনা করবেন মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।
রাষ্ট্রপতির শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা উপস্থিত থাকবেন। এছাড়া বর্তমান সরকারের মন্ত্রী, সংসদ সদস্য, রাজনৈতিক নেতা, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, বিচারপতি, কূটনীতিকসহ বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্ট ব্যক্তিরা অনুষ্ঠানে অংশ নেবেন। এরই মধ্যে বঙ্গভবনে আসতে শুরু করেছেন আমন্ত্রিত অতিথিরা ।
গতকাল বৃহস্পতিবার দুপুর ২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত জাতীয় সংসদের অধিবেশন কক্ষে রাষ্ট্রপতি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। এতে ভোটার তালিকাভুক্ত ৩৪৯ জন সংসদ সদস্যের মধ্যে ৩৪৩ জন ভোট দেন। এ নির্বাচনে বিএনপির সাবেক মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২৫৫ ভোট পেয়ে জয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন ১১-দলীয় ঐক্যের প্রার্থী কর্নেল (অব.) অলি আহমদ পান ৮৮ ভোট। এদিন
নির্বাচনের ফল ঘোষণার পর সন্ধ্যায় নির্বাচন কমিশন রাষ্ট্রপতি নির্বাচন আইন, ১৯৯১-এর ১১ ধারা অনুযায়ী গেজেট প্রকাশ করে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে আনুষ্ঠানিকভাবে দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত ঘোষণা করে।
এদিকে শপথ অনুষ্ঠানকে ঘিরে বঙ্গভবন এলাকায় নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে। বঙ্গভবনের প্রবেশপথ ও আশপাশের সড়কে অতিরিক্ত পুলিশ সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা যায়। শপথ অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রবেশের বিষয়েও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। নিরাপত্তার স্বার্থে বঙ্গভবনকেন্দ্রিক এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়েছে।
দেশবার্তা/এমআর