সাংবাদিকদের নিবন্ধন ও জরিমানার ক্ষমতা চায় প্রেস কাউন্সিল

দেশবার্তা প্রতিবেদক

গণমাধ্যম

সাংবাদিকদের নিবন্ধন ও সনদ দেওয়ার পাশাপাশি সংবাদ প্রকাশের কারণে সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকদের আর্থিক জরিমানা করার ক্ষমতা চেয়েছে

2026-10-14T16:35:10+06:00
2026-10-14T16:35:10+06:00
বৃহস্পতিবার ● ১৫ অক্টোবর ২০২৬,
৩০ আশ্বিন ১৪৩৩
 ইপেপার   আর্কাইভ   ভিডিও 
চলমান বার্তা:
গণমাধ্যম
সম্পাদক হতে ১০ বছরের অভিজ্ঞতার শর্ত
সাংবাদিকদের নিবন্ধন ও জরিমানার ক্ষমতা চায় প্রেস কাউন্সিল
অনলাইন গণমাধ্যমকে আইনের আওতায় আনার প্রস্তাব
দেশবার্তা প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৪:৩৫ পিএম 
⏲
সংগৃহীত ছবি
সাংবাদিকদের নিবন্ধন ও সনদ দেওয়ার পাশাপাশি সংবাদ প্রকাশের কারণে সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকদের আর্থিক জরিমানা করার ক্ষমতা চেয়েছে বাংলাদেশ প্রেস কাউন্সিল। একই সঙ্গে সংবাদপত্রের সম্পাদক হতে ন্যূনতম স্নাতক ডিগ্রি, প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং অন্তত ১০ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতার শর্ত যুক্ত করার প্রস্তাব করা হয়েছে।

সংবাদপত্রের স্বাধীনতা রক্ষা এবং সাংবাদিকদের পেশাগত সুরক্ষার জন্য কাউন্সিলের ক্ষমতা বাড়ানোর এই প্রস্তাব মঙ্গলবার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে উপস্থাপন করা হয়। তবে বৈঠকে উপস্থিত একজন সদস্য গণমাধ্যমকে জানিয়েছেন, প্রস্তাব তোলা হলেও সংসদীয় কমিটিতে বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা হয়নি।

কমিটির সভাপতি আমানউল্লাহ আমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ওই বৈঠকে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের অধীন দপ্তর ও সংস্থাগুলোর কার্যক্রম আরও গতিশীল ও গণমুখী করার বিষয় নিয়ে আলোচনা ছিল।

আইন সংশোধনের প্রস্তাব

বাংলাদেশ প্রেস কাউন্সিলের খসড়া প্রস্তাবে ১৯৭৪ সালের প্রেস কাউন্সিল আইন এবং ১৯৭৩ সালের ছাপাখানা ও প্রকাশনা (ঘোষণা ও নিবন্ধীকরণ) আইন সংশোধনের কথা বলা হয়েছে। এর মধ্যে প্রেস কাউন্সিল আইন সংশোধনের জন্য ১৯টি এবং ছাপাখানা ও প্রকাশনা আইন সংশোধনের জন্য ৭টি প্রস্তাব রয়েছে।

প্রেস কাউন্সিলের সচিব মো. আব্দুস সবুর খান জানান, মন্ত্রণালয়ের চাহিদার ভিত্তিতে কাউন্সিলের সদস্যরা বৈঠক করে এসব ধারা সংশোধনের বিষয়ে সিদ্ধান্ত নেন এবং পরে তা মন্ত্রণালয়ে পাঠানো হয়। পরবর্তীতে মন্ত্রণালয় নিজেদের ও অধীন দপ্তরগুলোর প্রস্তাব একত্র করে সংসদীয় কমিটিতে পাঠায়।

সাংবাদিকদের নিবন্ধন ও সনদ

খসড়ায় সাংবাদিকদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ এবং আইনজীবীদের নিয়ন্ত্রক সংস্থা বার কাউন্সিলের মতো সাংবাদিকদের নিবন্ধন ও সনদ দেওয়ার ক্ষমতা প্রেস কাউন্সিলকে দেওয়ার প্রস্তাব করা হয়েছে। সাংবাদিকতার মানোন্নয়ন, পরিচিতি নিশ্চিতকরণ এবং ভুয়া সাংবাদিকদের চিহ্নিত করতে প্রকৃত সাংবাদিকদের অনলাইন তথ্যভাণ্ডার তৈরির ক্ষমতা চাওয়া হয়েছে এতে।

পাশাপাশি, সাংবাদিকতার পাশাপাশি আইন ও শিক্ষকতার মতো অন্য পেশায় নিয়োজিত থাকাকে নীতি-নৈতিকতার লঙ্ঘন হিসেবে চিহ্নিত করে একই সময়ে একাধিক পেশায় নিয়োজিত থাকার ওপর বিধিনিষেধ আরোপের প্রস্তাব করা হয়েছে।

জরিমানার ক্ষমতা ও ট্রাইব্যুনাল গঠন

মিথ্যা ও হয়রানিমূলক সংবাদ প্রকাশ, নীতি-নৈতিকতা ও জনরুচির পরিপন্থি সংবাদ পরিবেশন এবং আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে সম্পাদক, প্রকাশক ও সাংবাদিকদের আর্থিক জরিমানা করার ক্ষমতা চেয়েছে কাউন্সিল। বর্তমান আইনে কেবল সতর্ক বা ভর্ৎসনা করার ক্ষমতা থাকলেও আর্থিক জরিমানার বিধান নেই।

এই ক্ষমতা প্রয়োগের জন্য প্রেস কাউন্সিলকে ট্রাইব্যুনালের ক্ষমতা দেওয়ার কথা বলা হয়েছে এবং এর জন্য জেলা জজ পদমর্যাদার একজন বিচারককে কাউন্সিলের সদস্য করার প্রস্তাব রয়েছে। এছাড়া জাতীয় অখণ্ডতা, স্বাধীনতা ও সার্বভৌমত্ববিরোধী কিংবা জনস্বার্থ ক্ষুণ্নকারী সংবাদের ক্ষেত্রে নিজ উদ্যোগে তদন্ত ও আদেশ দেওয়ার ক্ষমতাও চেয়েছে কাউন্সিল।

অনলাইন সংবাদমাধ্যম ও অন্যান্য প্রস্তাব

প্রস্তাবে সংবাদপত্র ও সংবাদ সংস্থার পাশাপাশি তাদের অনলাইন সংস্করণ এবং সব ডিজিটাল ও অনলাইন নিউজ পোর্টালকে প্রেস কাউন্সিলের আওতায় আনার কথা বলা হয়েছে। এছাড়া পেশাগত দায়িত্ব পালনকালে হামলা বা হুমকির শিকার সাংবাদিকদের সুরক্ষার নির্দেশনা এবং আইনি সহায়তার জন্য একটি সেল গঠনের প্রস্তাব রয়েছে।

কোনো সংবাদপত্রের মালিক নিয়োগপত্র ছাড়া সাংবাদিক নিয়োগ করলে এবং তিন মাসের বেতন-ভাতা দিতে ব্যর্থ হলে ১৯৭৩ সালের ছাপাখানা ও প্রকাশনা আইনের ২০ ধারা অনুযায়ী সংবাদপত্রের ঘোষণাপত্র বাতিলের বিধান যুক্ত করার প্রস্তাবও করা হয়েছে।

সম্পাদকের যোগ্যতার মানদণ্ড

বর্তমান আইনে সম্পাদকের যুক্তিসঙ্গত শিক্ষাগত যোগ্যতা বা অভিজ্ঞতা থাকার কথা বলা থাকলেও তা স্পষ্ট নয়। তাই মানসম্মত সাংবাদিকতা নিশ্চিত করতে সংবাদপত্রের সম্পাদক হওয়ার জন্য ন্যূনতম স্নাতক ডিগ্রি, প্রয়োজনীয় প্রশিক্ষণ এবং কমপক্ষে ১০ বছরের সাংবাদিকতার অভিজ্ঞতা বাধ্যতামূলক করার প্রস্তাব করা হয়েছে।

এছাড়া প্রেস কাউন্সিলকে স্বাধীন সংবিধিবদ্ধ সংস্থা হিসেবে মর্যাদা দেওয়া, নিজস্ব আয় বাড়াতে পত্রিকার প্রচারসংখ্যার ওপর ১ শতাংশ বা নির্ধারিত হারে লেভি আদায়ের ক্ষমতা এবং ঢাকার বাইরে শাখা কার্যালয় স্থাপনের প্রস্তাবও খসড়ায় অন্তর্ভুক্ত রয়েছে।

দেশবার্তা/একে


সর্বশেষ সংবাদ 

হকার-অটোরিকশার দখলে মাদানী অ্যাভিনিউ, বাড়ছে যানজট
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজে বাধা কাটলো
প্রধানমন্ত্রীর সঙ্গে তিন অনুপ্রেরণাদায়ী ব্যক্তির সাক্ষাৎ
ডেঙ্গুতে আরও ৫ জনের মৃত্যু, হাসপাতালে ১৯২০
মারধরের ভিডিও ভাইরালের পর যুবক আটক, পুলিশ কর্মকর্তা প্রত্যাহার

সর্বাধিক পঠিত 

বড় পর্দায় অভিষেক হচ্ছে অভিনেতা বিভান বাদলের
জয়পুরহাটে চালককে গলা কেটে হত্যা করে অটো ছিনতাই
বাংলাদেশ বিমান বাহিনীর লাইভ মিসাইল ফায়ারিং মহড়া সম্পন্ন
বরিশালে বাংলা কিউআর কোডের প্রচারণায় সোনালী ব্যাংক
এসএসসিতে ফেল করলে ১৫ দিনের মধ্যে আবার পরীক্ষা
গণমাধ্যম- এর আরো খবর 
সম্পাদক ও প্রকাশক: কাজী তোফায়েল আহমদ।
সম্পাদকীয়, বার্তা ও বাণিজ্যিক অফিস: গ্রীন ট্রেড পয়েন্ট, ৭ বীর উত্তম একে খন্দকার সড়ক, মহাখলী বাণিজ্যিক এলাকা, ঢাকা-১২১২।
www.thedailydeshbarta.com
Mobile: 01816-185722, Email: [email protected]
Advertisement