মজুরি বৃদ্ধির দাবিতে চলমান আন্দোলনের মধ্যে গাজীপুর শিল্পাঞ্চলে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে এসেছে। আজ গাজীপুর মহানগর ও জেলার কোথাও নতুন করে আন্দোলন বা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। শিল্প পুলিশের তথ্য অনুযায়ী, জেলায় প্রায় ৮০ শতাংশ পোশাক কারখানা খোলা রয়েছে।
অন্যদিকে, সপ্তাহের প্রথম কর্মদিবস আজ শনিবার (২১ নভেম্বর) শ্রমিকদের কর্মবিরতির মুখে সাভার ও আশুলিয়া শিল্পাঞ্চলে অন্তত ৫০টি কারখানায় ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
সকালে সরেজমিনে দেখা যায়, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া এলাকায় শ্রমিকেরা স্বাভাবিকভাবে কারখানায় প্রবেশ করছেন। চান্দনা চৌরাস্তা থেকে শিববাড়ী সড়কের বেশির ভাগ কারখানাও খোলা রয়েছে। ভোগড়া এলাকার এক পোশাকশ্রমিক বলেন, ‘বেতন বাড়ানোর দাবির সঙ্গে আমরা একমত। কিন্তু কারখানায় এসে কাজ না করে বাড়ি ফিরে যেতে খারাপ লাগে।’
আগামী ১ ডিসেম্বর থেকে বেতন বাড়বে- এমন প্রত্যাশা নিয়ে শ্রমিকেরা কাজে ফিরছেন বলে মনে করেন বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন। তিনি বলেন, শ্রমিকেরা মনে করছেন মজুরি বোর্ড তাঁদের বেতন বাড়ানোর নিশ্চয়তা দিচ্ছে, এ কারণে তাঁরা কাজে যোগ দিচ্ছেন। তবে মালিকপক্ষ এখনো বেতন বৃদ্ধির বিষয়ে সুনির্দিষ্ট ও বাস্তবসম্মত কোনো প্রস্তাব দেয়নি।
গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার আমজাদ হোসেন জানান, শনিবার সকাল পর্যন্ত মহানগর ও জেলার কোথাও নতুন করে আন্দোলন বা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। শিল্পাঞ্চলের পরিস্থিতি শান্ত রয়েছে এবং প্রায় ৮০ শতাংশ পোশাক কারখানা খোলা রয়েছে।
গাজীপুরে পরিস্থিতি স্বাভাবিক থাকলেও সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে কর্মবিরতির কারণে বেশ কয়েকটি কারখানায় উৎপাদন বন্ধ হয়ে যায়। শিল্প পুলিশ, শ্রমিক ও শ্রমিকনেতাদের সূত্রে জানা গেছে, সকালে অধিকাংশ কারখানার শ্রমিক শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেন। তবে আশুলিয়ার নরসিংহপুর এলাকাসহ কয়েকটি কারখানায় শ্রমিকেরা প্রবেশ করলেও কাজ না করে নিচে অবস্থান নিয়ে কর্মবিরতি শুরু করেন। পরে কর্তৃপক্ষ কারখানাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করে।
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু বলেন, আশুলিয়ার কয়েকটি পোশাক কারখানা সকাল সাতটায় চালু হয়। শ্রমিকেরা কারখানায় প্রবেশ করলেও কাজে অংশ না নিয়ে বসে থাকেন। কর্মবিরতির মুখে পরে অধিকাংশ কারখানায় ছুটি ঘোষণা করা হয়।
শিল্প পুলিশ-১ এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বেলা ১১টার দিকে জানান, শ্রম আইনের ১৩(১) ধারায় এ অঞ্চলে ১১টি কারখানা বন্ধ রয়েছে। নোটিশের মাধ্যমে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে দুটি কারখানায়। এছাড়া সকালে শ্রমিকদের কর্মবিরতির মুখে কর্তৃপক্ষ আরও ৫০টি কারখানায় শনিবারের জন্য ছুটি ঘোষণা করেছে।
দেশবার্তা/একে