বরগুনায় এক কিশোরীকে ধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেক আসামিকে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে বরগুনা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. মোস্তফা শাহরিয়ার খান এ রায় দেন।
রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রনজুয়ারা সিপু।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- বরগুনা সদর উপজেলার ১০ নম্বর নলটোনা ইউনিয়নের গোড়াপদ্মা এলাকার নুরু মাঝির ছেলে মো. নান্না, শিয়ালিয়া এলাকার ইউছুফ মৃধার ছেলে মো. জাফর এবং ৯ নম্বর এম বালিয়াতলী ইউনিয়নের ছোট তালতলী এলাকার রুস্তুমের ছেলে কবির।
আদালত সূত্রে জানা যায়, ঘটনার সময় ভুক্তভোগী কিশোরী বরগুনা সদর উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল। স্কুলে যাওয়া-আসার পথে আসামিরা তাকে প্রায়ই কুপ্রস্তাব দিতেন। ২০১৩ সালের ২৮ জানুয়ারি পাশের বাড়িতে এক বান্ধবীর বিয়ের অনুষ্ঠান থেকে রাতে বাড়ি ফেরার পথে আসামিরা তাকে জোরপূর্বক পাশের একটি কলাবাগানে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন।
এ ঘটনায় ওই বছরই ভুক্তভোগী কিশোরী বাদী হয়ে বরগুনা সদর থানায় তিনজনের নাম উল্লেখ করে মামলা করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালতে আসামিদের বিরুদ্ধে অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ রায় দেওয়া হয়।
পিপি অ্যাডভোকেট রনজুয়ারা সিপু জাগো নিউজকে বলেন, ধর্ষণের অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে তিন আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
দেশবার্তা/এমআর