রাজধানী ঢাকার নবাবগঞ্জ উপজেলার কোমরগঞ্জ মাঠে আগামী ২১ নভেম্বর প্রস্তাবিত সমাবেশ বন্ধের দাবি জানিয়েছে হিউম্যান রাইটস কংগ্রেস ফর বাংলাদেশ মাইনরিটিজ (এইচআরসিবিএম)। একই সঙ্গে উপজেলার রামনাথপুরে মো. বরকত উল্লাহ খানের পরিবার, বসতবাড়ি, দরবার-এ-আলাইহি জামে মসজিদ ও নকশবন্দিয়া দরবার শরীফের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।
বুধবার (১৮ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এইচআরসিবিএমের পক্ষ থেকে এসব দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনটির প্রতিনিধিরা জানান, রামনাথপুরে মো. বরকত উল্লাহ খানের বসতবাড়ি, দরবার-এ-আলাইহি জামে মসজিদ ও নকশবন্দিয়া দরবার শরীফকে কেন্দ্র করে হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগ রয়েছে। এতে সংশ্লিষ্ট পরিবার ও ধর্মীয় প্রতিষ্ঠানগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
সংগঠনটি জানায়, গত ১২ নভেম্বর নবাবগঞ্জ থানা-পুলিশের সহযোগিতায় রামনাথপুর ও গালিমপুরসহ বিভিন্ন এলাকার পরিস্থিতি পর্যবেক্ষণ এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে নিরাপত্তার খোঁজ নেওয়া হয়। কোমরগঞ্জ মাঠের প্রস্তাবিত সমাবেশকে কেন্দ্র করে এলাকাটিতে নতুন করে উত্তেজনা ও সংঘাতের আশঙ্কা রয়েছে বলে সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সংবাদ সম্মেলনে ছয় দফা দাবি তুলে ধরে এইচআরসিবিএম। দাবিগুলোর মধ্যে রয়েছে- কোমরগঞ্জ মাঠে আগামী ২১ নভেম্বরের প্রস্তাবিত সমাবেশ বন্ধ করা; দরবার-এ-আলাইহি জামে মসজিদ ও নকশবন্দিয়া দরবার শরীফে পুলিশ মোতায়েন ও নিয়মিত টহলের ব্যবস্থা করা এবং সংশ্লিষ্ট পরিবারের নিরাপদ বসবাসসহ মসজিদে নির্বিঘ্নে নামাজ ও ধর্মীয় কার্যক্রম পরিচালনার পরিবেশ নিশ্চিত করা।
এ ছাড়া মো. বরকত উল্লাহ খানের ক্ষতিগ্রস্ত বসতবাড়ি ও ধর্মীয় প্রতিষ্ঠান দুটির আর্থিক ক্ষতিপূরণ ও সংস্কার, অতীতের হামলা, ভাঙচুর, অগ্নিসংযোগ, লুটপাট ও প্রাণনাশের হুমকির অভিযোগের নিরপেক্ষ তদন্ত এবং ক্ষতিগ্রস্ত স্থাপনা পুনর্নির্মাণ ও আদালতের কার্যকর আদেশ বাস্তবায়নে প্রশাসনিক সহযোগিতার দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে বক্তারা উল্লেখ করেন, জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক পরিষদের বিশেষ পরামর্শমূলক মর্যাদাপ্রাপ্ত মানবাধিকার সংগঠন হিসেবে এইচআরসিবিএম মানবাধিকার, ধর্মীয় স্বাধীনতা, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করছে। তাদের এই দাবি কোনো ব্যক্তি বা সম্প্রদায়ের বিরুদ্ধে নয়; বরং মানবাধিকার, নিরাপত্তা ও ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে। উত্থাপিত অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্ত করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা।
সংবাদ সম্মেলনে এইচআরসিবিএমের আহ্বায়ক (কনভেনর) অ্যাডভোকেট লাকি বাহাদুরসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
দেশবার্তা/একে