চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে (জুলাই-অক্টোবর) দেশে আসা প্রবাসী আয়ের ৪৪ দশমিক ৬ শতাংশ এসেছে মধ্যপ্রাচ্যের ছয়টি উপসাগরীয় দেশ থেকে। দেশগুলো হলো সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত (ইউএই), কুয়েত, ওমান, কাতার ও বাহরাইন। চার মাসে এসব দেশ থেকে মোট ৫১১ কোটি ৪১ লাখ ৯০ হাজার মার্কিন ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। এ সময়ে দেশে মোট প্রবাসী আয় এসেছে ১ হাজার ১৪৬ কোটি ৫৯ লাখ ৪০ হাজার ডলার।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, উপসাগরীয় দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি প্রবাসী আয় এসেছে সৌদি আরব থেকে। জুলাই থেকে অক্টোবর পর্যন্ত দেশটি থেকে এসেছে ২১৯ কোটি ৮৪ লাখ ৯০ হাজার ডলার, যা মোট প্রবাসী আয়ের ১৯ দশমিক ২ শতাংশ।
দ্বিতীয় অবস্থানে থাকা সংযুক্ত আরব আমিরাত থেকে এসেছে ১০২ কোটি ৬৫ লাখ ৭০ হাজার ডলার, যা মোট আয়ের ৯ শতাংশ। এছাড়া কুয়েত থেকে ৬১ কোটি ৪৫ লাখ ৫০ হাজার ডলার (৫ দশমিক ৪ শতাংশ), ওমান থেকে ৫৫ কোটি ২০ লাখ ডলার (৪ দশমিক ৮ শতাংশ), কাতার থেকে ৪৯ কোটি ৪৯ লাখ ৫০ হাজার ডলার (৪ দশমিক ৩ শতাংশ) এবং বাহরাইন থেকে ২২ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ডলার (প্রায় ২ শতাংশ) এসেছে।
মাসভিত্তিক হিসাবেও প্রবাসী আয়ে উপসাগরীয় দেশগুলোর ধারাবাহিক অবদান দেখা গেছে। জুলাইয়ে ছয় দেশ থেকে এসেছে ১২৯ কোটি ৯০ লাখ ডলার, যা ওই মাসের মোট প্রবাসী আয়ের ৪৫ দশমিক ৪ শতাংশ। আগস্টে এসেছে ১২৬ কোটি ৩৩ লাখ ৪০ হাজার ডলার বা মোট আয়ের ৪২ দশমিক ৬ শতাংশ।
সেপ্টেম্বরে এ ছয় দেশ থেকে প্রবাসী আয় এসেছে ১২৪ কোটি ৭০ লাখ ১০ হাজার ডলার, যা ওই মাসের মোট আয়ের ৪৫ দশমিক ১ শতাংশ। অক্টোবরে তা বেড়ে দাঁড়িয়েছে ১৩০ কোটি ৪৮ লাখ ৪০ হাজার ডলারে, যা মাসটির মোট প্রবাসী আয়ের ৪৫ দশমিক ৪ শতাংশ। অর্থাৎ, টানা চার মাসেই দেশের মোট প্রবাসী আয়ের ৪২ শতাংশের বেশি এসেছে এই ছয় দেশ থেকে।
প্রবাসী আয়ের অন্যান্য বড় উৎসের মধ্যে যুক্তরাজ্য থেকে এসেছে ১৬১ কোটি ৬৬ লাখ ডলার, যা মোট আয়ের ১৪ দশমিক ১ শতাংশ। যুক্তরাষ্ট্র থেকে এসেছে ১০৫ কোটি ৩৫ লাখ ২০ হাজার ডলার বা ৯ দশমিক ২ শতাংশ। এছাড়া মালয়েশিয়া থেকে ৯০ কোটি ১৯ লাখ ৫০ হাজার ডলার (৭ দশমিক ৯ শতাংশ) এবং ইতালি থেকে ৭৬ কোটি ৯৫ লাখ ৪০ হাজার ডলার (৬ দশমিক ৭ শতাংশ) এসেছে।
এ বিষয়ে বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, প্রবাসী আয়ের ধারাবাহিক প্রবৃদ্ধি দেশের বৈদেশিক খাতের জন্য ইতিবাচক। একই সঙ্গে প্রবাসী বাংলাদেশিরা তাঁদের কষ্টার্জিত অর্থ দেশে পাঠানোর ক্ষেত্রে আনুষ্ঠানিক ব্যাংকিং ব্যবস্থার ওপর ক্রমেই বেশি আস্থা রাখছেন, যা ইতিবাচক ইঙ্গিত।
প্রবাসী আয় পাঠানোর প্রক্রিয়া সহজ, সুবিধাজনক ও আকর্ষণীয় করতে সরকার ও বাংলাদেশ ব্যাংক কাজ করছে উল্লেখ করে তিনি বলেন, অবৈধ হুন্ডি লেনদেন নিরুৎসাহিত করার পাশাপাশি বৈধ ব্যাংকিং চ্যানেলে অর্থ পাঠানোর সুযোগ বাড়ানো হচ্ছে।
আরিফ হোসেন খান বলেন, প্রবাসী আয়ের বৃদ্ধি প্রবাসী কর্মী ও তাদের পরিবারের আনুষ্ঠানিক আর্থিক ব্যবস্থার ওপর আস্থার ইতিবাচক ইঙ্গিত।
তিনি আরও বলেন, প্রবাসী আয় পাঠানোর সুযোগ সহজ করা, ব্যাংকিং সেবার মান উন্নত করা এবং আনুষ্ঠানিক বৈদেশিক মুদ্রাবাজারকে শক্তিশালী করতে সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের ইতিবাচক প্রভাব দেখা যাচ্ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্যে কর্মরত বাংলাদেশি শ্রমিকদের পাঠানো অর্থ বৈদেশিক মুদ্রার তারল্য বাড়ানোর পাশাপাশি দেশের অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তাঁর আশা, প্রবাসী আয়ের শক্তিশালী প্রবাহ দেশের লেনদেনের ভারসাম্য উন্নত করার পাশাপাশি বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করবে এবং বৈদেশিক খাতে আরও স্থিতিশীলতা আনবে।
দেশবার্তা/একে