গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর পুনরায় হামলার আশঙ্কায় থানা ছেড়ে যাচ্ছেন পুলিশ সদস্যরা। বুধবার সকাল ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত থানা এলাকা থেকে পুলিশ সদস্যদের সরকারি সরঞ্জাম ও ব্যক্তিগত মালামাল নিয়ে চলে যেতে দেখা গেছে।
পুলিশ সদস্যরা পোশাক, অস্ত্র, সরকারি সরঞ্জাম ও ব্যক্তিগত মালামাল ভ্যান ও ইজিবাইকে তুলে থানা এলাকা ছেড়ে যাচ্ছেন। তবে তারা কোথায় যাচ্ছেন, সে বিষয়ে কেউ কথা বলতে রাজি হননি।
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের একজন উপপরিদর্শক (এসআই) জানান, ১৩ নভেম্বর গোপালগঞ্জ থেকে ব্যাটালিয়ন ও রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) প্রায় ২০০ সদস্য টুঙ্গিপাড়ায় আসেন। তারা উপজেলার বিভিন্ন স্থানে দায়িত্ব পালন করছিলেন। মঙ্গলবার রাতে থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার পর থেকে তাদের মধ্যে আবারও হামলার আশঙ্কা তৈরি হয়েছে। তারা গোপালগঞ্জ পুলিশ লাইনস ও পুলিশ সুপারের কার্যালয়ে ফিরে যাচ্ছেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় টুঙ্গিপাড়া উপজেলা পরিষদ সংলগ্ন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মীকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় পুলিশ। এ খবর ছড়িয়ে পড়লে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে থানার সামনে জড়ো হন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ, ছাত্রলীগ ও তাদের সমর্থকেরা। একপর্যায়ে তারা থানা ঘেরাও করেন। এ সময় পুলিশের সঙ্গে তাদের দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে পুলিশ টিয়ার গ্যাসের শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। একপর্যায়ে হামলাকারীরা থানায় ঢুকে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে পুলিশ সদস্যরা নিরাপদ স্থানে আশ্রয় নেন। এ সুযোগে গ্রেপ্তার ব্যক্তিদের ছিনিয়ে নিয়ে যান হামলাকারীরা।
হামলায় থানার নয়টি গাড়ি ও ১৫টি মোটরসাইকেল পুড়ে যায়। এ ছাড়া থানার বিভিন্ন কক্ষ ও আসবাবসহ অন্যান্য মালামাল আগুনে ক্ষতিগ্রস্ত হয়।
নাম প্রকাশ না করার শর্তে থানার একজন কর্মকর্তা জানান, টুঙ্গিপাড়া থানায় তিনজন পরিদর্শক, দুজন অতিরিক্ত পুলিশ সুপার, সাতজন উপপরিদর্শক (এসআই), সাতজন সহকারী উপপরিদর্শক (এএসআই) এবং ৩০ থেকে ৩৫ জন কনস্টেবল কর্মরত ছিলেন।
এর বাইরে ১৩ নভেম্বর গোপালগঞ্জ থেকে ব্যাটালিয়ন ও আরআরএফের প্রায় ২০০ সদস্য সেখানে দায়িত্ব পালনের জন্য এসেছিলেন।
দেশবার্তা/একে