বাংলাদেশে দীর্ঘমেয়াদি বেসরকারি বিনিয়োগ আকৃষ্ট করা, অর্থনীতির বহুমুখীকরণ এবং টেকসই অবকাঠামো অর্থায়ন সম্প্রসারণে সহায়তা দেওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।
এ লক্ষ্যে গত ১৬ নভেম্বর থেকে তিন দিনব্যাপী এডিবির দক্ষিণ এশিয়াবিষয়ক মহাপরিচালক সোনা শ্রেষ্ঠার নেতৃত্বে একটি প্রতিনিধিদল ঢাকা সফর করেছে।
বাংলাদেশ কার্যালয় বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, প্রতিনিধিদলটি সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, নিয়ন্ত্রক সংস্থা, বেসরকারি খাত এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে উচ্চপর্যায়ের বৈঠক করে।বাংলাদেশ সংবাদ পরিষেবা
প্রতিনিধিদলে আরও ছিলেন এডিবির বাজার উন্নয়ন ও সরকারি-বেসরকারি অংশীদারত্ব (পিপিপি) বিভাগের প্রধান তাকেও কোইকে এবং বেসরকারি খাত কার্যক্রম বিভাগের জ্যেষ্ঠ উপদেষ্টা ক্রেইগ লি রবার্টস।
সোনা শ্রেষ্ঠা বলেন, বাংলাদেশের অর্থনীতির পরবর্তী পর্যায়ের প্রবৃদ্ধির জন্য আরও শক্তিশালী আর্থিক বাজার, উন্নত বিনিয়োগ পরিবেশ এবং বেসরকারি উদ্যোক্তাদের বিনিয়োগ, উদ্ভাবন ও কর্মসংস্থান সৃষ্টিতে সহায়ক সংস্কার প্রয়োজন। দেশের উন্নয়ন অগ্রাধিকারগুলোকে বাস্তবায়নযোগ্য বিনিয়োগ প্রকল্পে রূপ দিতে সরকারি ও বেসরকারি খাতে এডিবির অভিজ্ঞতা কাজে লাগানো অব্যাহত থাকবে।
সফরকালে অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মো. মোস্তাকুর রহমান, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যান মাসুদ খান, ইনভেস্ট বাংলাদেশ এর চেয়ারম্যান আশিক চৌধুরী এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী তানভীর শাহরিয়ার ঘানির সঙ্গে বৈঠক করেন প্রতিনিধিদলের সদস্যরা।বাংলাদেশ সংবাদ পরিষেবা
বৈঠকে ব্যাংকিং খাত, করব্যবস্থা ও রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের সংস্কার, বন্ড ও শেয়ারবাজারের উন্নয়ন এবং ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের অর্থায়নের সুযোগ বাড়ানোর বিষয়ে আলোচনা হয়।
সফরকালে অর্থমন্ত্রী ও পরিকল্পনামন্ত্রী এডিবির সঙ্গে যৌথভাবে ‘পিপিপি মনিটর: বাংলাদেশ’ শীর্ষক একটি উদ্যোগের উদ্বোধন করেন। অবকাঠামো খাতে বেসরকারি বিনিয়োগের পথে বাধাগুলো চিহ্নিত করতে এ উদ্যোগে ৫০০টির বেশি সূচক ব্যবহার করা হবে।
এ ছাড়া সৌরবিদ্যুৎ ও ব্যাটারি সংরক্ষণব্যবস্থার আরও পাঁচটি প্রকল্পে লেনদেন-সংক্রান্ত পরামর্শক সহায়তা সম্প্রসারণে একটি চুক্তি সই করেছে এডিবি। এর ফলে এ ধরনের প্রকল্পের আওতায় মোট ছয়টি প্রকল্প এসেছে। এসব প্রকল্পে এক হাজার মেগাওয়াটের বেশি বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। প্রকল্পগুলোতে এক বিলিয়ন ডলারের বেশি বেসরকারি বিনিয়োগ আসবে বলে আশা করছে এডিবি।
ব্যবসায়ী ও উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে বাংলাদেশের ‘সমন্বিত প্রবৃদ্ধি নেটওয়ার্ক উন্নয়ন’ উদ্যোগের মহাপরিকল্পনা এবং ২০২৮ থেকে ২০৩২ সাল মেয়াদে এডিবির বাংলাদেশবিষয়ক অংশীদারত্ব কৌশল প্রণয়নেও তথ্য-উপাত্ত নেওয়া হবে।
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে টেকসই, অন্তর্ভুক্তিমূলক ও অভিঘাতসহনশীল প্রবৃদ্ধিতে সহায়তা দিয়ে থাকে এডিবি। সদস্য দেশ ও অংশীদারদের সঙ্গে কাজ করে সংস্থাটি উদ্ভাবনী অর্থায়ন এবং কৌশলগত অংশীদারত্বের মাধ্যমে জীবনমান উন্নয়ন, মানসম্মত অবকাঠামো নির্মাণ এবং পরিবেশ সুরক্ষায় ভূমিকা রাখে।
দেশবার্তা/এমআর