ব্যবসা শুরু ও পরিচালনার ক্ষেত্রে সরকারি সেবা প্রাপ্তির সময়সীমা ৫০-৫৫ দিন থেকে কমিয়ে ১৪ দিনে নামিয়ে আনতে চায় সরকার। এই লক্ষ্য অর্জনে বিশ্বব্যাংকের নীতিগত ও কারিগরি সহায়তা চেয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার সকালে সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ে বিশ্বব্যাংকের বাংলাদেশ ও ভুটান অঞ্চলের ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমের নেতৃত্বাধীন আট সদস্যের প্রতিনিধিদলের সঙ্গে বৈঠকে বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির সরকারের এই পরিকল্পনার কথা তুলে ধরেন।
বৈঠকে বাণিজ্যমন্ত্রী জানান, ট্রেড লাইসেন্স, পরিবেশ ও অগ্নিনিরাপত্তা ছাড়পত্র এবং আমদানি নিবন্ধন সনদ (আইআরসি) পেতে বর্তমানে ৫০ থেকে ৫৫ দিন বা তার বেশি সময় লাগে। ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো এবং ‘ইনভেস্ট বাংলাদেশ’ এর ওয়ান-স্টপ সার্ভিস পোর্টালের মাধ্যমে এই প্রক্রিয়া ডিজিটাল করে সময়সীমা ১৪ দিনে নামিয়ে আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর ফলে ব্যবসায়ীদের সময় ও ব্যয় কমার পাশাপাশি বিনিয়োগের পরিবেশ উন্নত হবে।
রপ্তানি বহুমুখীকরণ ও নতুন শিল্পের বিকাশ
স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে উত্তরণ সামনে রেখে আগামী তিন বছরের জন্য একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণের কথাও জানান বাণিজ্যমন্ত্রী। তৈরি পোশাক খাতের ওপর একক নির্ভরতা কমিয়ে চামড়া ও চামড়াজাত পণ্য, নন-লেদার ফুটওয়্যার, জাহাজ নির্মাণ ও পুনঃপ্রক্রিয়াকরণ, লাইট ইঞ্জিনিয়ারিং এবং স্বর্ণালঙ্কার শিল্পের বিকাশে বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।
মন্ত্রী জানান, চামড়া খাতের আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে সাভার চামড়াশিল্প নগরীতে কমপ্লায়েন্স নিশ্চিত করতে নতুন কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার (সিইটিপি) স্থাপন এবং লেদার ওয়ার্কিং গ্রুপের (এলডব্লিউজি) সনদ অর্জনের চেষ্টা চলছে। এছাড়া দেশের স্বর্ণশিল্পকে প্রাতিষ্ঠানিক কাঠামোর আওতায় এনে আগামী কয়েক বছরের মধ্যে রপ্তানি উপযোগী খাত হিসেবে গড়ে তোলা হবে।
বাণিজ্য চুক্তি ও প্রাতিষ্ঠানিক সংস্কার
বৈঠকে জানানো হয়, আন্তর্জাতিক বাজার সম্প্রসারণে জাপান ও দক্ষিণ কোরিয়ার সঙ্গে অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি (ইপিএ) এবং সংযুক্ত আরব আমিরাত, মালয়েশিয়া, সিঙ্গাপুর ও ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে আলোচনা চলছে। পাশাপাশি আঞ্চলিক বাণিজ্য জোট আরসিইপিতে বাংলাদেশের অন্তর্ভুক্তির বিষয়ে নীতিগত অনুমোদন পাওয়া গেছে।
এছাড়া উন্নয়ন প্রকল্পের পুনরাবৃত্তি ও সমন্বয়হীনতা দূর করা, প্রকল্প পরিচালকদের দক্ষতা বৃদ্ধি এবং বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউটকে বিশেষায়িত প্রতিষ্ঠানে রূপান্তরের পরিকল্পনার কথাও তুলে ধরা হয়।
কারিগরি ও নীতিগত সহায়তার আশ্বাস
বৈঠকে বিশ্বব্যাংকের ডিভিশন ডিরেক্টর জাঁ পেসমে বাণিজ্য সহজীকরণ, ন্যাশনাল সিঙ্গেল উইন্ডো বাস্তবায়ন, চামড়া ও লাইট ইঞ্জিনিয়ারিং খাতের দক্ষতা উন্নয়ন এবং এফটিএ-সংক্রান্ত গবেষণায় সহায়তার আশ্বাস দেন। তিনি বলেন, বাংলাদেশের বেসরকারি খাত ও উৎপাদনশীল শিল্পের সক্ষমতা বাড়াতে বিশ্বব্যাংক গ্রুপ এবং আন্তর্জাতিক অর্থায়ন সংস্থা আইএফসি যৌথভাবে কাজ করতে আগ্রহী।
বিশ্বব্যাংকের প্রসপারিটি বিভাগের আঞ্চলিক প্র্যাকটিস ডিরেক্টর সেবাস্টিয়ান একার্ড বলেন, এলডিসি উত্তরণের আগে আগামী তিন থেকে চার বছর বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে বাণিজ্যনীতি সংস্কার, শুল্ক ও অশুল্ক বাধা দূর করা এবং বৈশ্বিক ভ্যালু চেইনে যুক্ত হতে পারলে বিদেশি বিনিয়োগ ও কর্মসংস্থান উল্লেখযোগ্যভাবে বাড়বে।
এফটিএ আলোচনায় বাংলাদেশের কর্মকর্তাদের দরকষাকষির সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা দেওয়ার আগ্রহের কথাও জানান তিনি।
বিশ্বব্যাংকের লিড ইকোনমিস্ট সুলেইমান কুলিবালি বলেন, প্যারা-ট্যারিফ ও সম্পূরক শুল্ক কাঠামোর সংস্কার রপ্তানি প্রতিযোগিতা সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। ভিয়েতনামের অভিজ্ঞতা কাজে লাগিয়ে বাণিজ্য সংস্কার ও লজিস্টিক অবকাঠামোর উন্নয়ন ঘটাতে পারলে বাংলাদেশের রপ্তানি আয় ও কর্মসংস্থান বাড়ানোর বড় সুযোগ তৈরি হবে।
বৈঠকে বিশ্বব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. আহমদ উল্লাহ, খাদিজা নাজনীনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
দেশবার্তা/একে